প্রস্তুতিম্যাচে মেক্সিকোকে ৩-১ গোলে হারাল ইংল্যান্ড
দলের খেলোয়াড়দের কাছ থেকে ক্ষিপ্রতা চান ক্যাপেলো
মেক্সিকোর বিপক্ষে ওয়েম্বলিতে বিশ্বকাপ শুরু হওয়ার আগে শেষ প্রস্তুতিম্যাচে দারুণ জয় পেয়েছে ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড। খেলায় তাঁরা ৩-১ গোলে জয় পান। ইংল্যান্ডের পক্ষে গোলগুলো করেন লিডলে কিং, পিটার ক্রাউচ ও গ্লেন জনসন। মেক্সিকোর গুইলারমো ফ্র্যাংকো একমাত্র গোলটি করেন। এই জয়কে ইংল্যান্ডের জন্য একটি দারুণ বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে অভিহিত করেছেন ইংলিশ খেলোয়াড়েরা। মধ্যমাঠের অন্যতম সেরা সৈনিক স্টিফেন জেরার্ড এই জয়ের পেছনে কোচ ফ্যাবিও ক্যাপেলোর কৌশল দারুণ কাজে এসেছে বলে অভিহিত করেছেন।স্টিফেন জেরার্ড বলেন, ‘কোচ ক্যাপেলো আমাদের প্রথমার্ধে বল ছেড়ে খেলতে বলেছিলেন। আমরা মেক্সিকোকে জায়গা করে দিয়েছি খেলার জন্য। দ্বিতীয়ার্ধে ক্যাপেলো মেক্সিকোর অর্ধে চাপিয়ে খেলতে বলেন। আমরা সেভাবে খেলেই দুটি গোল বার করেছি।’মেক্সিকোর বিপক্ষে কাল গোল করা অপর খেলোয়াড় লিডলে কিংও ক্যাপেলোর কৌশলী ফুটবলের প্রশংসায় পঞ্চমুখ। তবে তিনি মেক্সিকোর প্রশংসা করতে ছাড়েননি। লিডলে বলেন, মেক্সিকো ভালো দল। অত্যন্ত গতিময়। প্রথমার্ধে অবশ্য আমরা অনেকটাই চাপ নিজেদের অর্ধে নিয়ে এসেছিলাম। বিরতির সময় কোচ ক্যাপেলো মেক্সিকোর ওপর চাপ প্রয়োগ করতে বললে খেলার ধরনটাই পাল্টে যায়।স্টিফেন জেরার্ড বলেছেন, কোচ ক্যাপেলো ইংল্যান্ডের খেলোয়াড়দের কাছ থেকে গতি ও ক্ষিপ্রতা আশা করেন। তিনি বলেছেন, ইংল্যান্ডকে একটি ম্যাচেই ভিন্ন ভিন্ন ফর্মেশনে খেলার কৌশল রপ্ত করতে হবে। তবে জেরার্ড বলতে ভোলেননি, মেক্সিকোর সঙ্গে গতকালের ম্যাচের চেয়ে ইংল্যান্ডের খেলোয়াড়েরা অনেক ভালো ফুটবল উপহার দিতে পারেন। বিশ্বকাপকে সামনে রেখে স্টিফেন জেরার্ড মনে করেন, এ ধরনের কৌশল আরও ভালো করে রপ্ত করা উচিত আমাদের। আমার মনে হয় এখনও যথেষ্ট সময় হাতে আছে। লিডলে কিং গতকাল মেক্সিকোর বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে প্রায় তিন বছর পর ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামলেন। তবে নিজের খেলা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন তিনি। বলেছেন, ‘এটা অবশ্যই আমার সেরা খেলা নয়।’ লিডলে কিং নিজের হাঁটুর চোট সম্পর্কে বলেছেন, ‘হাঁটুর চোট থেকে আমি সেরে উঠছি। এখন ম্যাচ খেলা দরকার। যত বেশি ম্যাচ খেলব, হাঁটুর চোট থেকে তত তাড়াতাড়িই আমি মুক্ত হতে পারব।’হাঁটুর চোট নিয়ে বিশ্বকাপে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে লিডলে কিং বলেন, এবারের পুরো মৌসুমটিই আমার হাঁটুর আঘাতের মধ্যে কেটেছে। তার পরও তো মৌসুমটি পার করলাম। বিশ্বকাপে আশা করছি, ব্যাপারটা নিয়ে কোনো সমস্যায় পড়ব না। তবে তিনি অভিনন্দন জানাতে ভোলেননি তাঁদের, যাঁরা হাঁটুর চোট সত্ত্বেও লিডলেকে বিশ্বকাপের জন্য উপযোগী করে গড়ে তুলছেন।