দলের জন্যই বেশি আফসোস মুশফিকুরের
অতৃপ্তির কথা মনে না রাখাই ভালো। মুশফিকুর রহিম হয়তো সে কারণেই ভুলে গিয়েছিলেন ব্যাপারটা। কাল সংবাদ সম্মেলনের পর সেটা মনে করিয়ে দিতেই অনুযোগের সুরে পাল্টা প্রশ্ন, ‘আবার মনে করিয়ে দিলেন...’ঘটনাটা গত বছর অক্টোবরে জিম্বাবুয়ে সফরের। সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি থেকে মাত্র ২ রান দূরে থাকতে বাঁহাতি স্পিনার রে প্রাইসকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড! চট্টগ্রামে কাল নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে ইংলিশ অফ স্পিনার গ্রায়েম সোয়ানকেও খেলতে গেলেন ঠিক একইভাবে। এবার অবশ্য স্টাম্পড নয়, মুশফিকুর এগিয়ে আসায় বলটা ইয়র্কার ধরনের হয়ে বোল্ডই করে দিল তাঁকে। সেঞ্চুরির গন্ধ পেতে পেতেও সেটা মিলিয়ে যাওয়ার হতাশায় আরও একবার পুড়লেন মুশফিকুর। কিন্তু একই ভুল আরও একবার কেন করলেন তিনি?প্রথমত, কারণটা হয়তো এই, জিম্বাবুয়ের ভুলটাকে মনেই ঠাঁই দেননি, ‘হ্যাঁ, ঠিক ওভাবে খেলতে গিয়েই আউট হলাম আবার। ভুলেই গিয়েছিলাম জিম্বাবুয়ের ঘটনাটা। তবে এটাকে ভুল বলব না। গতকাল (পরশু) থেকে যে রকম খেলার চেষ্টা করেছি, আজও সে রকমই চেষ্টা করেছি। শুধু একটু ডাউন দ্য উইকেটে এগিয়েছিলাম...বলটা তাকে ইয়র্ক হয়ে গেছে।’ মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করায় হতাশা থাকতেই পারে, তাই বলে ৯৫ রানের ইনিংসটা তো আর মিথ্যে হয়ে যাচ্ছে না! জুনায়েদ সিদ্দিকের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৬৭ রানের জুটিতে দলকে যা দিলেন, সেটাও কম কি? বরং মনে হলো সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের চেয়ে শেষটা স্বপ্নের মতো হলো না বলেই তাঁর বেশি আফসোস, ‘নতুন বল নেওয়ার এক ঘণ্টা পরও যখন আমাদের কাউকে আউট করতে পারল না, তাদের তখন একটু হতাশই মনে হচ্ছিল। লাঞ্চের পর যদি আমি আর জুনায়েদ অন্তত এক ঘণ্টাও ব্যাটিং করতে পারতাম, কাজটা সহজ হয়ে যেত। সেটা তো আর হলো না...।’ভারতের বিপক্ষে গত হোম সিরিজে এ মাঠেই সেঞ্চুরি পেয়েছেন। কাল শেষ হওয়া টেস্টের প্রথম ইনিংসেও করেছেন ৭৯ রান। গ্লাভস জোড়া উইকেটের পেছনে নিয়মিত বিশ্বাসঘাতকতা করে এলেও ব্যাট হাসিই ফোটাচ্ছে, বাড়াচ্ছে আত্মবিশ্বাস। ব্যাটসম্যান মুশফিকুরের সংকল্প, এই আত্মবিশ্বাস দিয়েই উড়িয়ে দেবেন উইকেটকিপার মুশফিকুরের যত ব্যর্থতা, ‘আগেও বলেছি, আমার কিপিংয়ে আমি সন্তুষ্ট নই। তবে চেষ্টা করে যাচ্ছি যেন কিপিংটা ভালো হয়। ভালো ব্যাটিংয়ে যে আত্মবিশ্বাস পাচ্ছি, চেষ্টা করছি সেটা কিপিংয়ে কাজে লাগাতে।’জুনায়েদের সঙ্গে কাল সংকল্প আরও একটা ছিল মুশফিকুরের—যত বেশি সময় সম্ভব উইকেটে থাকা। অথচ আগের দিন যখন দুজন জুটি বাঁধেন, তখন তিনি ভাবেনইনি কাঁধে কাঁধ মিলিয়ে এতটা পথ এগিয়ে যাবেন দুজনে, ‘গতকাল (পরশু) যখন চা-বিরতির ২০ মিনিট আগে মাঠে নামি, মনেই হয়নি পারব। আমাদের চিন্তা ছিল ওই দিনের বাকিটা সময় খেলে আসা। আজ (গতকাল) নতুন বল নেওয়ার পর আমরা ঠিক করি অন্তত ১০ ওভার খেলতে পারলে ওদের মানসিকভাবে দুর্বল করা যাবে। দুইটা সেশন কোনো উইকেট না হারিয়ে ব্যাটিং করার পর ওই আত্মবিশ্বাসটা আরও বেড়েছিল। লাঞ্চের পর আরও এক ঘণ্টা থাকতে পারলে ড্র হতে পারত এই টেস্ট, এমনকি ভালো খেললে জিতেও জেতাম হয়তো।’চট্টগ্রাম টেস্টে হয়তো এটাই প্রাপ্তি। দিনশেষে অ্যালিস্টার কুকদের সমান্তরালে বাংলাদেশ বলতে পারছে, ‘...আমরাও জিততে পারতাম।’