আবাহনীর প্রতিনিধি তুললেন টিয়া রঙের কুপন। পেলেন লাল দল। বোর্ড সভাপতি প্রতিনিধি তুললেন নীল রঙের কুপন। পেলেন সবুজ দল। এভাবেই লটারিতে কুপন তুলে মোহামেডানের ভাগ্যে জুটল হলুদ দল, প্রাইম ব্যাংকের নীল। নির্বাচকেরা চারটি দল ঘোষণা করে দিয়েছিলেন আগের দিনই। কাল লটারির মাধ্যমে ঠিক হলো দলগুলোর ক্লাব। চার দল আজই উড়াল দিচ্ছে সিলেটে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বিজয় দিবস টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেটাররা প্রস্তুতি নেবেন মাঠের ক্রিকেটে, আর আয়োজনের মহড়া হয়ে যাবে সিলেট স্টেডিয়ামের।
লটারিতে জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন লাল দল পেয়েছে আবাহনী লিমিটেড। মোহামেডান স্পোর্টিং ক্লাব পেয়েছে তাদের প্রিমিয়ার লিগের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হলুদ দলকে। সাকিব আল হাসানের নীল দল পেয়েছে প্রাইম ব্যাংক। চতুর্থ দলটির জন্য কোনো ক্লাব না পেয়ে দায়িত্ব নিয়েছিল বিসিবিই। খেলার কথা ছিল বোর্ড সভাপতি একাদশ নাম নিয়ে। বোর্ডের প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক আকরাম খান লটারিতে পেয়েছিলেন ভাইয়ের ছেলে তামিম ইকবালের সবুজ দল। পরে অবশ্য সবুজ দলের ঠিকানা খুঁজে পেয়েছে বিসিবি। তবে কোনো ক্লাব নয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। বিসিবি সভাপতি একাদশ নামটা আগে থেকেই ঠিক হয়েছিল বলে এই দলের নাম হচ্ছে ইউসিবি বিসিবি একাদশ। টুর্নামেন্টের জন্য স্পনসরও জোগাড় করে ফেলেছে বিসিবি। পৃষ্ঠপোষক আম্বার গ্রুপের নামেই টুর্নামেন্টের নাম আম্বার বিজয় দিবস টি-টোয়েন্টি। সহযোগী পৃষ্ঠপোষক বিমান বাংলাদেশ ও সিলেটের রোজ ভিউ হোটেল।
চ্যালেঞ্জ সিরিজের পর এত দ্রুতই আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ পাওনা বিসিবির। ফ্র্যাঞ্চাইজিগুলো বা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়া, মাঠ প্রস্তুতি, রাজনৈতিক অস্থিরতা, এমন অনেক বাধা টপকেই এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বোর্ড পরিচালক খালেদ মাহমুদ জানালেন, বিসিবিপ্রধানের ঐকান্তিক ইচ্ছাতেই টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে। নিজেদের প্রচেষ্টার কথাও বললেন মাহমুদ, ‘এত ঝামেলার মধ্যে আমরা এই টুর্নামেন্ট আয়োজন না-ও করতে পারতাম। কিন্তু ক্রিকেটার ছিলাম বলেই জানি, মাঠের ক্রিকেটে প্রস্তুতি নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। দেশের সেরা ৫৬ জন ক্রিকেটার খেলছে, আশা করি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট হবে।’
প্রিমিয়ার লিগে খেলা তিন দলের কোচ থাকবেন তাদের লিগের কোচরাই। বোর্ড পরিচালক হিসেবে কাল সংবাদ সম্মেলনে খালেদ মাহমুদ এই টুর্নামেন্টে তাই প্রাইম ব্যাংকের কোচও। আর ইউসিবির কোচ হিসেবে থাকছেন এবারের ঢাকা লিগের চমক প্রাইম দোলেশ্বরের কোচ মিজানুর রহমান।
বাংলাদেশ মানুষের ক্রিকেটপ্রেম নিয়ে সংশয় এমনিতেও নেই। তার পরও নতুন করে প্রমাণ মিলেছে সদ্য সমাপ্ত চ্যালেঞ্জ সিরিজে। অবরোধের মধ্যেও প্রতিদিন ৮-১০ হাজার দর্শক ছিল মিরপুরে। প্রবল আগ্রহের কথা ভেবেই এই টুর্নামেন্টে টিকিটের ব্যবস্থা রাখছে বিসিবি। তবে দামটা সাধ্যের মধ্যেই, সব গ্যালারিতেই ৫০ টাকা। টিভিতে সরাসরি সম্প্রচারের আলোচনাও চলছে। সিলেটেরগুলো না হলেও ঢাকার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার হবে বলে আশাবাদী বোর্ডপ্রধান নাজমুল হাসান।
টুর্নামেন্টের ম্যাচগুলো পাচ্ছে অফিশিয়াল টি-টোয়েন্টির মর্যাদা। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা, রানার্সআপ দল ১০ লাখ, টুর্নামেন্ট-সেরা ১ লাখ। টুর্নামেন্ট ফি হিসেবে ‘এ’ ক্যাটাগরির সব ক্রিকেটার পাবেন আড়াই লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়েরা দেড় লাখ।
তবে টাকার অঙ্ক এখানে নিছকই সংখ্যা। টুর্নামেন্টটি সত্যিই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে সেটি হবে অমূল্য।
টুর্নামেন্টের সূচি
২২ ডিসেম্বর আবাহনী-ইউসিবি সিলেট
প্রাইম ব্যাংক-মোহামেডান
২৩ ডিসেম্বর আবাহনী-মোহামেডান সিলেট
প্রাইম ব্যাংক-ইউসিবি
২৫ ডিসেম্বর প্রাইম ব্যাংক-আবাহনী সিলেট
ইউসিবি-মোহামেডান
২৬ ডিসেম্বর আবাহনী-বোর্ড প্রেসিডেন্ট সিলেট
প্রাইম ব্যাংক-মোহামেডান
২৮ ডিসেম্বর আবাহনী-মোহামেডান মিরপুর
প্রাইম ব্যাংক-ইউসিবি
২৯ ডিসেম্বর প্রাইম ব্যাংক-আবাহনী মিরপুর
ইউসিবি-মোহামেডান
৩১ ডিসেম্বর ফাইনাল মিরপুর
* প্রথম ম্যাচ দুপুর ১টায়, দ্বিতীয় ম্যাচ বিকেল ৫টায়
* ফাইনাল বিকেল ৪টায়