দলের মধ্যেই প্রশ্নবিদ্ধ ফ্লেচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ভুলে যাওয়ার মতো বছরটা খানিক স্বস্তিতে শেষ করার সুযোগ দিচ্ছে চারটি টি-টোয়েন্টি ম্যাচ। ক্রিকেটের একটি সংস্করণে অন্তত শীর্ষে থেকে বছর শেষ করার হাতছানি। নয় দিনের মধ্যে চারটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এই ম্যাচ চারটি জিতলেই টি-টোয়েন্টি র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবে বর্তমানে তিনে থাকা মহেন্দ্র সিং ধোনির দল। আজ পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে ভারতের ‘সান্ত্বনা’র মিশন। পরশু দ্বিতীয় টি-টোয়েন্টি মুম্বাইয়ে। ২৫ ও ২৮ ডিসেম্বর দুটি টি-টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে।ধোনির আশা, টি-টোয়েন্টি দিয়েই শুরু হবে ভারতের ঘুরে দাঁড়ানোর পালা। তবে টি-টোয়েন্টির সাফল্য টেস্টের ক্ষতে কতটা প্রলেপ দিতে পারবে, সে প্রশ্ন থাকবেই। টি-টোয়েন্টির শীর্ষে উঠতে পারলে ধোনিরা হয়তো তৃপ্তির ঢেকুর তুলবেন। কিন্তু বাস্তবতা হলো, ভারতীয় ক্রিকেটে এখন চরম দুঃসময়। অনেকের মতে, এমন বিপর্যয় ভারতীয় ক্রিকেটে আর আসেনি। ধোনির অবশ্য এখানেও দ্বিমত। ভারতীয় অধিনায়কের মতে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে ২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ছিল এর চেয়েও বিপর্যয়কর।ধোনির দাবির পক্ষে-বিপক্ষে অনেক যুক্তিই থাকবে। তবে একটা জায়গায় সেই সময়ের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। সেবার বিপর্যয়ের অন্যতম কারণ ছিল কোচকে (গ্রেগ চ্যাপেল) নিয়ে অসন্তুষ্টি। এবারও নাকি তাই! শোনা যাচ্ছে, ডানকান ফ্লেচারকে নিয়ে মোটেও খুশি নন ভারতের ক্রিকেটাররা। টাইমস অব ইন্ডিয়ার খবর, বেশ কয়েকজন ক্রিকেটার নাকি কোচকে নিয়ে অসন্তুষ্টির কথা বিসিসিআইকে জানিয়েছেনও। নাম গোপন রাখার শর্তে কয়েকজন ক্রিকেটার পত্রিকাকে বলেছেন, ফ্লেচারকে কোনো কাজেই লাগেনি, ফ্লেচারের কাজের ধরনের সঙ্গেও দল মানিয়ে নিতে পারেনি। পূর্বসূরি গ্যারি কারস্টেনের সুপারিশে ২০১১ সালের এপ্রিলে ফ্লেচারকে কোচ নিয়োগ দেয় ভারত। কিন্তু সে সময় টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা দল তাঁর কোচিংয়ে ধবলধোলাই হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারেও উঠতে পারেনি। এবার দেশের মাটিতে বিব্রতকর হার ইংল্যান্ডের বিপক্ষে। ভারতের বোলিং আক্রমণের অবিচ্ছেদ্য অংশ এমন একজন টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘কারস্টেনের সময়ে টিম মিটিংয়ে যে একাগ্রতা ও প্রতিজ্ঞা থাকত, এখন সেটা নেই। ফ্লেচার শুধু মৌলিক বিষয়গুলো নিয়েই বলেন। কুককে কীভাবে থামানো যায় বা অ্যান্ডারসন-পানেসার-সোয়ানদের কীভাবে খেলা যায়, কোচ এসব নিয়ে কিছু বলেননি। সাবেক ইংল্যান্ড কোচ হওয়া সত্ত্বেও ইংল্যান্ডের ভেতরের কোনো কিছু তাঁর কাছ থেকে জানতে পারিনি আমরা।’চ্যাপেলের সঙ্গে ফ্লেচারের মিল পাওয়া যাচ্ছে আরেকটি জায়গাতেও। দৃশ্যত কোচের ‘বন্ধু’ শুধু অধিনায়কই। সেবার ছিলেন রাহুল দ্রাবিড়, এবার ধোনি। ভারত অধিনায়কের চাওয়া ফ্লেচারই দায়িত্ব চালিয়ে যান। বোর্ডও সম্ভবত অধিনায়কের কথাই শুনতে যাচ্ছে। বোর্ডের উচ্চপদস্থ এক কর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, আগামী এপ্রিলে মেয়াদ শেষ হওয়ার আগে ফ্লেচারকে সরানোর সম্ভাবনা কমই, ‘পাকিস্তান সিরিজের পর তার সঙ্গে কথা বলব আমরা। দেখব কীভাবে এগোনো যায়।’ ওয়েবসাইট।