দলের সঙ্গে থাকবেন নেইমার

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইনজুরিতে থাকা ব্রাজিল তারকা নেইমার। বৃহস্পতিবার বার্সেলোনার এই তারকা দলকে উত্সাহ যোগাতে তেরেসোপোলিসে ট্রেনিং ক্যাম্পে যান।
স্বাগতিকরা আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাসিলিয়ায় হল্যান্ডের মোকাবিলা করবে।
আর ৭ ডটকম নামের একটি ওয়েবসাইটকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের মুখপাত্র রডরিগো পাইভা বলেন, ‘শনিবারের ম্যাচে নেইমার দলের সঙ্গে থাকবেন।’ রিও ডি জেনেরিওর কাছে তেরেসোপোলিসে ব্রাজিলের বিশ্বকাপ সদর দপ্তরে তিনি বৃহস্পতিবার এ খবর জানান।
এদিকে সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে হারের পর ডাচ কোচ এ ফলাফলকে ‘আনফেয়ার’ হিসেবে মন্তব্য করেছেন।
নেইমারের অনুপস্থিতি জার্মানির সঙ্গে ম্যাচে দলের এমন বিপর্যয় ডেকে এনেছিল বলেই মনে করেন অনেকে। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জয়ী ম্যাচে মেরুদন্ডে আঘাত পাওয়ায় সেমিফাইনাল খেলতে পারেননি বার্সেলোনার এই তারকা। ওই দিনই বিশ্বকাপে বাকি ম্যাচ খেলার স্বপ্ন শেষ হয়ে যায়।
ব্রাজিলকে বিশাল ব্যবধানে পরাজিত করা জার্মানি আগামী রোববার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়া হল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। এএফপি ও ফিফা ডটকম।