দলের সঙ্গেই জিম্বাবুয়ে যাবেন ল
বাংলাদেশ দলকে নিয়ে জিম্বাবুয়ে সফরেই যাচ্ছেন স্টুয়ার্ট ল। আগামী ১৭ বা ১৮ জুলাই আসবেন তিনি। জিম্বাবুয়েতে তাঁর সহকারী হিসেবে সারোয়ার ইমরানের নাম প্রস্তাব করেছে টেকনিক্যাল কমিটি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক সাব্বির খান জানিয়েছেন, জিম্বাবুয়ে যাওয়ার আগেই এসে যেতে পারেন নতুন ফিল্ডিং কোচ ও ফিজিও। সম্ভাব্য দুজনের নামই গোপন রাখছে বিসিবি। তবে শেষ পর্যন্ত না এলে বিকল্পও প্রস্তুত। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী যাবেন ফিজিও হিসেবে। ফিল্ডিং কোচ থাকবেন সাবেক পেসার ও ডেভেলপমেন্টের কোচ সাইফুল ইসলাম।জিম্বাবুয়ে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। আর্থিক সীমাবদ্ধতার বাইরে টিম ম্যানেজমেন্ট চূড়ান্ত না হওয়া ও দক্ষিণ আফ্রিকায় বৃষ্টিকেও বলা হচ্ছে কারণ। জিম্বাবুয়েতে একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও এখন বিসিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলার। টেকনিক্যাল কমিটির সভায় কাল ঢাকা প্রিমিয়ার লিগের পুলের তালিকা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। গতবারের দলবদলের পর থেকে এবারের দলবদলের ৪৫ দিন আগ পর্যন্ত জাতীয় দলে খেলা ক্রিকেটাররা পুলে থাকবেন। কেউ স্কোয়াডে থেকেও খেলার সুযোগ না পেয়ে থাকলে তিনি থাকবেন পুলের বাইরে। এক দলে পুলের কতজন খেলতে পারবেন, এই সিদ্ধান্ত অবশ্য হয়নি। তবে সিদ্ধান্ত হয়েছে, প্রিমিয়ার লিগে এক ম্যাচে তিনজন পর্যন্ত বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন, তবে তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটার হতে হবে। প্রস্তাবগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।