দলের হার আর নাজিমের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচ হেরেই যেন নিজেদের ফিরে পেল ইংল্যান্ড লায়ন্স! কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা।পরাজয়ের হতাশা তো আছেই, নাজিমউদ্দিনের জন্য হতাশাটা আরও বড় হয়ে উঠেছে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ায়। সেটাও আবার অপরাজিত থেকে! ১২৫ বলে চার ছক্কা আর আট বাউন্ডারিতে সাজানো ৯৯ রানের ইনিংস খেলা বাংলাদেশ ‘এ’ দলের এই ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন না সঙ্গীর অভাবে।স্টুয়ার্ট মিকারের করা ইনিংসের ৪৪তম ওভারে সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল ৪ রান। প্রথম বলে এনামুল জুনিয়র ১ রান নেওয়ার পর দ্বিতীয় বলে ২ ও তৃতীয় বলে ১ রান নেন নাজিমউদ্দিন। এনামুল পরের বলে কোনো রান নিতে পারেননি, পঞ্চম বলে বোল্ডই হয়ে যান। নাজিমউদ্দিনের সেঞ্চুরির সম্ভাবনা বলতে গেলে ওখানেই শেষ। ওই ওভারের শেষ বলে মিকার বোল্ড করে দেন বাংলাদেশ ‘এ’ দলের শেষ ব্যাটসম্যান রবিউলকেও।দলের ৮ রানের সময় ওপেনার রনি তালুকদার আউট হওয়ার পর উইকেটে আসেন নাজিমউদ্দিন, ছিলেন শেষ পর্যন্ত। কিন্তু নাজিমউদ্দিন একা আর কী করবেন! মোহাম্মদ সোহরাওয়ার্দী আর ডলার মাহমুদ কিছু সময় পাশে থাকলেও ‘এ’ দলকে জেতার মতো রান এনে দিতে সঙ্গে পাননি আর কাউকে। ৯০ রানে ৭ উইকেট পড়ার পর অষ্টম উইকেটে ডলারের (১৭) সঙ্গে ৮১ রানের জুটি হয় নাজিমউদ্দিনের। ইংল্যান্ড লায়ন্সের পেসার স্টুয়ার্ট মিকার নিয়েছেন ৪ উইকেট।বাংলাদেশ ‘এ’ দলের ১৭৬ রানের জবাবে ৩৭.৩ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়েই সিরিজে সমতা ফেরানো জয় পেয়ে যায় ইংল্যান্ড লায়ন্স। শূন্য রানে প্রথম ও ২৩ রানে দ্বিতীয় উইকেট হারালেও জোনাথন বেয়ারস্টোর অপরাজিত পঞ্চাশের (৫০) সঙ্গে জেমস ভিন্স (৪৪) ও যোসেফ বাটলারের (৪১*) অবদানেই জিতে যায় দল। ১০৭ রানে ৪ উইকেট পড়ার পর বেয়ারস্টো-বাটলার পঞ্চম উইকেটে গড়েছেন অপরাজিত ৭০ রানের জুটি।ম্যাচ শুরুর আগে বিসিবির প্রধান নির্বাহীর আকস্মিক মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই মাঠে সিরিজের তৃতীয় ওয়ানডেটি হবে আগামী পরশু, ১৩ জানুয়ারি।সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ‘এ’: ৪৪ ওভারে ১৭৬ (নাজিমউদ্দিন ৯৯*, সোহরাওয়ার্দী ২০, ডলার ১৭; মিকার ৪/৪৭, ব্রিগস ২/৩৩, বর্থউইক ২/৩৮, ব্রুকস ১/২৪, কেরিগান ১/৩২)। ইংল্যান্ড ‘এ’: ৩৭.৩ ওভারে ১৭৭/৪ (বেয়ারস্টো ৫০*, ভিন্স ৪৪, বাটলার ৪১*, টেলর ২৬; রবিউল ২/২০, সোহরাওয়ার্দী ২/২৮)। ফল: ইংল্যান্ড ‘এ’ ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাজিমউদ্দিন।