দশ বছর পর যুব ফুটবল
সর্বশেষ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশিপ হয়েছিল ২০০৬ সালে, যেটি আসলে একসময়ের জনপ্রিয় টুর্নামেন্ট সোহরাওয়ার্দী কাপ। এরপর অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট হয়েছিল ২০০৭ সালে। ১০ বছর পর আবারও মাঠে গড়াচ্ছে জাতীয় যুব ফুটবল। আগামী ৯ মার্চ সারা দেশের আটটি অঞ্চলে শুরু হবে অনূর্ধ্ব-১৮ যুব ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্ব। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হবে ২৩ মার্চ। বাফুফের দেওয়া বর্ষপঞ্জি অনুসারে এ বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল জাতীয় যুব ফুটবল।
দুই মাস পিছিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে ফুটবলার বাছাই করতে সারা দেশে যাবেন বাফুফের তালিকাভুক্ত কোচরা। নির্দিষ্ট জেলায় গিয়ে তাঁরা প্রথমে ৩০ জন ফুটবলারকে বাছাই করবেন। বয়স নিয়ে যাতে কারও কোনো অভিযোগ বা লুকোচুরি না থাকে, এ জন্যই এমন উদ্যোগ। বাছাই করা ৩০ জন থেকে ২০ জনের চূড়ান্ত দল গড়তে হবে জেলাগুলোকে।
এই টুর্নামেন্টে ৬৪টি জেলা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড ও বিকেএসপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রাথমিক পর্বের খেলাগুলো হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। প্রতিটি অঞ্চলে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি অঞ্চলের চ্যাম্পিয়ন দল খেলবে চূড়ান্ত পর্বে। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ১ লাখ টাকা, রানার্সআপের ৫০ হাজার। জাতীয় যুব ফুটবল শেষে বাছাই করা ৩০ ফুটবলারকে একাডেমিতে বা বিকেএসপিতে ভর্তি করা হবে।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি যুব ফুটবল নিয়ে দারুণ আশাবাদী, ‘ফুটবলের জাগরণ তৈরি করতে জেলার ফুটবলের কোনো বিকল্প নেই। আশা করি, এখান থেকে আবারও নতুন ফুটবলার বেরিয়ে আসবে।’
কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের সার্বিক বিষয়ে ধারণা দেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়।