দশ বছর পর রাজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বশেষ জাতীয় দাবা জিতেছিলেন ১০ বছর আগে। প্রায় ভুলে যাওয়া সেই স্বাদ আবারও পেলেন এনামুল হোসেন রাজীব l প্রথম আলো
সর্বশেষ জাতীয় দাবা জিতেছিলেন ১০ বছর আগে। প্রায় ভুলে যাওয়া সেই স্বাদ আবারও পেলেন এনামুল হোসেন রাজীব l প্রথম আলো

দুজনের সামনেই ছিল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। কিন্তু তুলনামূলক দুর্বল ফিদে মাস্টার রেজাউল হককে সামনে পেয়েও ড্র করলেন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব। আর গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় শিরোপা জিতলেন এনামুল হোসেন রাজীব। ২০০৬ সালে জাতীয় দাবায় সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিলেন এই গ্র্যান্ডমাস্টার।
১৩ খেলায় নয় জয়, চার ড্রয়ে ১১ পয়েন্ট গ্র্যান্ডমাস্টার রাজীবের। সমান ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে সাড়ে ১০ পয়েন্ট নিয়ে রানারআপ রাকিব।
সমান পয়েন্ট নিয়ে কাল খেলা শুরু করেছিলেন রাজীব ও রাকিব। দুজনই জিতলে আজ প্লে-অফে নিষ্পত্তি হতো শিরোপা। কিন্তু রাজীবের জন্য যেন কাজটা অনেক সহজ করে দেন রাকিব। রাজীবের ম্যাচ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগেই রাকিব ড্র করে বসেন।
রাজীব কাল খেলেছেন কালো ঘুঁটি নিয়ে। জিতেছেন ৪৯ চালের মাথায়। নিয়াজ মোরশেদের মতো অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টারের সঙ্গে কালো ঘুঁটি নিয়ে জেতা মোটেও সহজ ছিল না রাজীবের, ‘জিততে হবে, সেটা ভেবেই খেলতে বসেছিলাম। আসলে নিয়াজ ভাইয়ের সঙ্গে কালো ঘুঁটি নিয়ে জেতা খুবই কঠিন। আমি ওনার সঙ্গে অন্তত ১৫-২০টি ম্যাচ খেলেছি। কিন্তু বেশির ভাগই ড্র করেছি। আজ গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতেছি বলে খুব ভালো লাগছে। পুরো ম্যাচে নির্ভার হয়েই খেলেছি।’
ম্যাচের একপর্যায়ে দুজনই ভালো অবস্থানে ছিলেন। কিন্তু নিয়াজ মোরশেদের একটি ভুল চালে উজ্জ্বল হয়ে যায় রাজীবের জয়ের সম্ভাবনা। ম্যাচ শেষে নিয়াজের মুখে ছিল সেই চালের বর্ণনা, ‘এটা তো টাচ অ্যান্ড মুভের খেলা। আমি ভুল করে মন্ত্রী ছুঁয়ে ফেলি। বাধ্য হয়েই চালটি দিতে হয়েছে। এরপর আর খেলায় ফিরতে পারিনি।’
নিয়াজ মোরশেদের বিপক্ষে শেষ রাউন্ডে খেলতে হবে, এটা ভেবে পরশু রাতটা নিশ্চয়ই নির্ঘুম কেটেছিল রাজীবের! রাতে ঘুম হয়নি সত্যি। তবে এই ম্যাচের দুশ্চিন্তায় নয়, রাজীব রাত জেগে দেখেছেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেন ও সের্গেই কারিয়াকিনের খেলা, ‘রাত একটায় খেলা দেখতে বসে ভোরবেলা ঘুমিয়েছি। এটা গত কয়েক দিনের রুটিন। এভাবে রাত জেগে খেলা দেখে দিনের বেলায় এসে খেলতে কষ্টই হয়েছে।’
গত দাবা অলিম্পিয়াড থেকেই বেশ ছন্দে আছেন ২৪৪৩ রেটিংধারী রাজীব। দশ বছর পর জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়ে রেটিংটা আরও বাড়িয়ে নিতে চান, ‘একটা সময় আমার রেটিং ছিল ২৫০০-এরও ওপরে। মাঝে কিছুদিন খেলিনি বলে রেটিং কমে গেছে। এখন চেষ্টা করব দ্রুতই ২৫০০-এর ওপর রেটিং নিয়ে যাওয়ার।’