দশ মাস পর দলে মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও লাল-সবুজ জার্সি পরে মাঠে নামবেন দেশের সেরা পেসার মাশরাফি। ফাইল ছবি
আবারও লাল-সবুজ জার্সি পরে মাঠে নামবেন দেশের সেরা পেসার মাশরাফি। ফাইল ছবি

সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন গত ডিসেম্বরে। সব ঠিক থাকলে আবার জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন মাশরাফি। স্কোয়াডে জায়গা পেয়েছেন এনামুল হক আর নাঈম ইসলামও। তবে বাদ পড়েছেন জহুরুল ইসলাম।

ইনজুরির সঙ্গে লড়তে থাকা মাশরাফি বাংলাদেশের শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সফরে ছিলেন না। তবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলেছেন। ছয় ম্যাচে ১৯.৪৫ গড়ে ১১ উইকেট নিয়ে ইঙ্গিতও দিয়েছেন ছন্দে ফেরার। এর মধ্যে আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে চার উইকেট নিয়েছিলেন।

গত ডিসেম্বরের পর নাঈমও ছিলেন না দলে। তাঁর সমস্যাও ছিল বিপিএলে পাওয়া চোট। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচের ফিফটির পর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেছিলেন নাঈম। পরের তিন ম্যাচে তাঁর ব্যাট না হাসলেও তাঁকে দলে রেখেছেন নির্বাচকেরা। এনামুল অবশ্য জিম্বাবুয়ে সফরে ছিলেন না পরীক্ষার কারণে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথমটি হবে ২৯ অক্টোবর। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচটি দিবা-রাত্রির। ৩১ অক্টোবরের ম্যাচটিও তা-ই। আগামী ৩ নভেম্বর সিরিজের শেষ ওয়ানডেটি হবে ফতুল্লায়। একমাত্র টি-টোয়েন্টি খেলার জন্য দুদল আবারও মিরপুরে মুখোমুখি হবে। ৬ নভেম্বরের ম্যাচটি দিয়েই শেষ হবে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর।

আজকের ঘোষিত দলটি অবশ্য প্রথম দুই ওয়ানডের জন্য।

প্রথম দুই ওয়ানডের দল

মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), এনামুল হক, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মুমিনুল হক, নাঈম ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, জিয়াউর রহমান ও শামসুর রহমান।