দশ মাসেই শেষ ময়েস-অধ্যায়

রেনে মিউলেনস্টিনের কথাটা নিশ্চয় মনে পড়ছে ডেভিড ময়েসের, ‘ডেভিড, কোনো সন্দেহ নেই এভারটনের হয়ে তুমি দুর্দান্ত করেছ। কিন্তু তুমি কি বুঝতে পারছ, তুমি ডিঙি নৌকা থেকে বিরাট জাহাজে উঠে পড়েছ?’
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং স্টাফের সদস্য মিউলেনস্টিন বলেছিলেন ময়েসকে। মিউলেনস্টিনের সেই জাহাজের কান্ডারি হওয়া কত কঠিন, দশ মাসেই তা টের পেয়েছেন ময়েস। শেষ পর্যন্ত বিদায়ই নিতে হলো তাঁকে। কাল ইউনাইটেড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, ময়েসকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
ঝড়ের আভাস মিলছিল আগে থেকেই। ময়েস আর থাকছেন না, গত পরশু ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দেয় ব্রিটিশ সংবাদমাধ্যম। ইউনাইটেড কর্তৃপক্ষ অবশ্য মুখে কুলুপই এঁটে রেখেছিল। কাল বোঝা গেল, ‘মৌনতাই সম্মতির লক্ষণ’। ক্লাব ওয়েবসাইটে ময়েসের ক্লাব ছাড়ার ঘোষণায় বলা হয়েছে, ‘পরিশ্রম, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার জন্য ক্লাব তাঁকে ধন্যবাদ জানাচ্ছে।’
‘পরিশ্রম’, ‘সততা’, ‘নিষ্ঠা’—শব্দগুলো নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। ময়েস নিশ্চয় নিজের সর্বোচ্চ চেষ্টাই করেছিলেন। কিন্তু এ যুগে সাফল্যই চূড়ান্ত মাপকাঠি, আর সেটিতেই নিদারুণ ব্যর্থ ময়েস। ইংলিশ লিগের শিরোপার সম্ভাবনা সুদূরে মিলে গিয়েছিল বেশ আগেই। তবে ১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারাই শেষ পর্যন্ত ময়েসের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, এভারটনের কাছে নিজের মাঠ ও প্রতিপক্ষের মাঠে হার। এফএ কাপ ও লিগ কাপ থেকেও বিদায়—ময়েসের সময়টা ভালো যায়নি মোটেই।
তার পরও ক্লাবটা ইউনাইটেড, যেখানে ‘ধীরে চলো’ নীতি মানা হয়েছে আপ্তবাক্যের মতো। স্যার অ্যালেক্স ফার্গুসনও প্রথম মৌসুম শেষ করেছিলেন ১১ নম্বরে। ময়েস তো এর চেয়ে খারাপ করতে পারতেন না! এ কারণেই ক্লাবের সোনালি প্রজন্মের একজন গ্যারি নেভিল পাশে দাঁড়াচ্ছেন ময়েসের, ‘আমি বিশ্বাস করি, ম্যানেজারদের আরও সময় দেওয়া উচিত। আমি মনে করি, তাদের কাজ শেষ করতে দেওয়া উচিত।’ ময়েসের বিদায়ে বিস্মিত রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও, ‘আমি একটু বিস্মিত। কারণ ম্যানেজার ছাঁটাই করাটা ম্যানচেস্টার ইউনাইটেডের ঐতিহ্য নয়।’
কিন্তু দশ মাসের মাথাতেই কেন এই সিদ্ধান্ত? উত্তর খুঁজেছেন ইউনাইটেডেরই আরেক সাবেক মাইকেল ওয়েন, ‘সামনেই দলবদল। বিশাল অঙ্কের টাকা খরচ করার আগে ইউনাইটেডকে শতভাগ নিশ্চিত হতে হতো ময়েসই ঠিক লোক।’
রাজা যাবে, রাজা আসবে। সিংহাসন খালি থাকবে না। কে বসবেন ময়েসের শূন্য চেয়ারে? আপাতত ক্লাবের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় রায়ান গিগসকে দেওয়া হয়েছে অন্তর্বর্তী কোচের দায়িত্ব। কিন্তু গিগস তো আপৎকালীন কোচ, ময়েসের যথার্থ উত্তরসূরি কে হবেন? ইয়ুর্গেন ক্লপের নামটাই শোনা গেছে বেশি। ডর্টমুন্ড কোচ অবশ্য এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। দৃশ্যপটে এখন ডাচ কোচ লুই ফন হাল। এই নামটিই এখন আলোচনায়। এএফপি।
ইউনাইটেডে ময়েস
ম্যাচ
৫১
জয়
২৭
ড্র
৯
হার
১৫