দশ মিনিটে কোচ ছাঁটাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১০ মিনিটের কোচ লেরয় রজেনিয়র!
মাত্র ১০ মিনিটের কোচ লেরয় রজেনিয়র!

বুলগেরিয়ার প্রথম বিভাগের ক্লাব নেফতোচিমিক বুরগাসের দায়িত্ব নিয়ে হয়তো বড় স্বপ্নই দেখতে শুরু করেছিলেন আতানাস আতানাসোভ। কিন্তু আগের রাতের স্বপ্নের ঘোরটা চোখে লেগে থাকতে থাকতেই ছাঁটাই! এখানে কোচিং ক্যারিয়ারটা যে এত সংক্ষিপ্ত হবে সেটা হয়তো চুক্তি সাক্ষরের সময় ভাবতেও পারেননি আতানাসোভ। গত বৃহষ্পতিবার ছাঁটাই করা হয়েছে তাঁকে। আতানাসোভ বুরগাসের কোচ হিসেবে কতদিন টিকেছেন জানেন? মাত্র এক দিন!

শুনতে অদ্ভুতই লাগতে পারে। কিন্তু একটা কথাই তো আছে—কোচ দুই প্রকার: হয়তো এরই মধ্যে বরখাস্ত হয়েছেন কিংবা বরখাস্ত হতে চলেছেন! কোচদের নিয়তিই যেন ছাঁটাই হওয়াতেই বাঁধা। সবার কপাল তো আর অ্যালেক্স ফার্গুসনের মতো চওড়া নয়! এমনকি আতানাসোভের চেয়েও দুর্ভাগা কোচ আছে পৃথিবীতে। তিনি তো তবুও এ-ক দিন মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। ফুটবল ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদে কোচের দায়িত্বে থাকার রেকর্ড মাত্র দশ মিনিটের! নিয়োগের দশ মিনিটের মাথায় বরখাস্ত করা হয়েছিল লেরয় রজেনিয়রকে!

 ফুটবল ইতিহাসের সেই সব অভাগা কোচদের নিয়ে এই বিশেষ ফিচার:

কোচ: লেরয় রজেনিয়র, ক্লাব: টরকোয়ায়, মেয়াদ: ১০ মিনিট, সাল: ২০০৭

নতুন কোচের সঙ্গে চুক্তি কেবলই সাক্ষরিত হয়েছিল।এরই মধ্যে বদলে গেল ক্লাবটির মালিকানা।নতুন মালিকরা নিজেদের পছন্দমতো কোচ নিয়োগের সিদ্ধান্ত নিল।ছাঁটাই হতে হলো ১০ মিনিট আগেই চুক্তি করা কোচকে।২০০৭ সালের এই ঘটনাটাই ঘটেছিল রজেনিয়রের সঙ্গে।টরকোয়ায়ের কোচ হিসেবে তাঁর স্থায়িত্ব ছিল মাত্র ১০ মিনিট।এটাই সবচেয়ে কম সময়ে কোচ ছাঁটাইয়ের রেকর্ড! এ কারণে ফুটবল ইতিহাস তাঁকে মনে রাখবে—এটা সান্ত্বনা হতে পারে রজেনিয়রের!

ডেভ বাসেট ক্রিস্টাল প্যালেসে টিকেছিলেন মাত্র ৪ দিন।
ডেভ বাসেট ক্রিস্টাল প্যালেসে টিকেছিলেন মাত্র ৪ দিন।

কোচ: ডেভ বাসেট, ক্লাব: ক্রিস্টাল প্যালেস, মেয়াদ: ৪ দিন, সাল: ১৯৮৪

১৯৯৪ সালে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে চুক্তিটা আসলে সাক্ষরই করেননি ডেভ বাসেট। প্রাথমিক কথাবার্তা পাকা হওয়ার পর কোচ হিসেবে দলের সঙ্গে কাটিয়েছিলেন মাত্র চার দিন। তার পরই বুঝে গিয়েছিলেন, এটা তাঁর সঠিক ঠিকানা নয়। ফলে আবার ফিরে গিয়েছিলেন পুরোনো ঠিকানা উইলম্বডনে।

কোচ: মার্টিন লিং, ক্লাব: ক্যামব্রিজ ইউনাইটেড, মেয়াদ: ৯ দিন, সাল: ২০০৯

সাফল্য পেলেও ক্যামব্রিজ ইউনাইটেডের সভাপতির সঙ্গে বনিবনা না হওয়ায় কোচের দায়িত্বটা ছেড়ে দিয়েছিলেন গ্যারি ব্রাবিন। তাঁর জায়গায় আনা হয়েছিল মার্টিন লিংকে। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র ৯ দিন পরে ঠিক একই কারণে বিদায় নিয়েছিলেন এই ইংলিশ কোচ। কিছুদিন পরে অবশ্য ফিরেও এসেছিলেন। তবে মূল কোচ হিসেবে নয়, সহকারী হিসেবে!

চাকরি শুরুর দুই মাস পূর্ণ না হতেই বিদায় নিতে হয়েছিল ডেভ পেনিকে।
চাকরি শুরুর দুই মাস পূর্ণ না হতেই বিদায় নিতে হয়েছিল ডেভ পেনিকে।

কোচ: ইয়র্গ বার্গার, ক্লাব আর্মেনিয়া বিয়েলফ্লেড, মেয়াদ: ৫ দিন, সাল: ২০০৯

২০০৯ সালে মাত্র একটি ম্যাচের জন্যই নিয়োগ দেওয়া হয়েছিল জোর্গ বার্গারকে। লক্ষ্য ছিল আর্মেনিয়া বিয়েলফ্লেডকে অবনমনের হাত থেকে বাঁচানো। কিন্তু ৬৪ বছর বয়সী বার্গার জাদু দেখাতে পারেননি। আর মাত্র ৫ দিন পরেই তাঁকে বিদায় করে দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ।

কোচ: কেভিন কুলিস ও মাইকি অ্যাডামস, ক্লাব: সোয়ানসি, মেয়াদ: ৭ ও ১৩ দিন, সময়: ১৯৯৬ ও ১৯৯৭

১৯৯৫ সালের আগস্ট থেকে ১৯৯৭ সালের অক্টোবর পর্যন্ত শুধু কোচ বদলের মহড়াই চালিয়েছিল সোয়ানসি সিটি। সংক্ষিপ্ত এই সময়ের মধ্যে ছয়বার কোচ বদলিয়েছে ইংলিশ এই ক্লাবটি। আর সেই ডামাডোলের মধ্যেই পড়তে হয়েছিল কেভিন কুলিস ও মাইকি অ্যাডামসকে। তাঁরা কোচের পদটিতে ছিলেন যথাক্রমে ৭ ও ১৩ দিন। জিমি রিমার ছিলেন ৮ দিন।

কোচ: লুইজি ডেল নেরি, ক্লাব: পোর্তো, মেয়াদ: ১৫ দিন, সাল: ২০০৪

২০০৪ সালে হোসে মরিনহোর রেখে যাওয়া পোর্তো কোচের আসনটাতে বসেছিলেন লুইজি ডেল নেরি। কিন্তু হাবভাব ঠিকমতো বুঝতে না বুঝতেই বেজে গিয়েছিল বিদায়ঘণ্টা। মাত্র ১৫ দিন পরেই বরখাস্ত করা হয়েছিল ডেল নেরিকে। ক্লাবের পক্ষ থেকে কারণ হিসেবে বলা হয়েছিল, ইতালিয়ান এই কোচের সময়জ্ঞান খুবই খারাপ।

কোচ: হোসে আন্তোনিও কামাচো, ক্লাব: রিয়াল মাদ্রিদ, মেয়াদ ২৩ দিন, সাল: ২০০৪

খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদে সফল একটা সময়ই কাটিয়েছিলেন কামাচো। কোচ হিসেবে কেমন করতে পারতেন, সেটা যাচাইয়ের খুব বেশি সময়ও পাননি সাবেক এই স্প্যানিশ ফুটবলার। ২০০৪-০৫ মৌসুমে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই টানা দুইটি হারের মুখ দেখেছিলেন কামাচো। তার পর নিজেই ঘোষণা দিয়েছিলেন সরে দাঁড়ানোর।

কোচ: পল হার্ট, ক্লাব: কুইন্স পার্ক রেঞ্জার্স, মেয়াদ: ২৮ দিন, সময়: ২০০৯-১০

কুইন্স পার্কে শুরুটা ভালোভাবেই করেছিলেন পল হার্ট। ব্যর্থতার চাপও ছিল না। কিন্তু তাঁকে কোচের পদ ছাড়তে হয়েছিল খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়িয়ে। প্রায়ই অদ্ভুত রণকৌশল আর খেলোয়াড় নির্বাচনের জন্য সমালোচনার মুখে পড়তে হতো হার্টকে। ফলে ক্লাবমালিকের মধ্যস্থতায় মাত্র ২৮ দিন পরেই কোচের দায়িত্বটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ইংলিশ কোচ।

পাঁচ ম্যাচে দায়িত্ব পালনের পরই ইন্টার মিলান থেকে বিদায় নিয়েছিলেন জিয়ান পিয়েরো গাসপেরিনি।
পাঁচ ম্যাচে দায়িত্ব পালনের পরই ইন্টার মিলান থেকে বিদায় নিয়েছিলেন জিয়ান পিয়েরো গাসপেরিনি।

কোচ: জিয়ান পিয়েরো গাসপেরিনি, ক্লাব: ইন্টার মিলান, মেয়াদ: ৫ ম্যাচ, সাল: ২০১১

গাসপেরিনিকেও চাকরি হারাতে হয়েছে ব্যর্থতার খেসারত দিয়ে। পাঁচ ম্যাচের চারটিতেই হারের পর হয়তো ধৈর্য্যচ্যুতিই ঘটেছিল ক্লাব কর্তৃপক্ষের।

কোচ: টমি ডোহার্টি, ক্লাব: কুইন্স পার্ক রেঞ্জার্স, মেয়াদ: ২৮ দিন, সময়: ১৯৬৮

এর আগে এই একই ক্লাবে ঠিক ২৮ দিনই টিকেছিলেন আরেক কোচ টমি ডোহার্টি। চেলসিতে সফল একটা সময় কাটিয়ে কুইন্স পার্ক রেঞ্জার্সে যোগ দিয়েছিলেন এই স্কটিশ কোচ। কিন্তু খুব বেশিদিন টিকতে পারেননি। ১৯৭৯ সালে আরও একবার এই একই ক্লাবে কোচ হিসেবে এসেছিলেন ডোহার্টি। সেবার দল অবনমনের খাঁড়ায় পরার পর আবারও চাকরি খোয়াতে হয়েছিল ডোহার্টিকে।

কোচ: স্টিভ কোপেল, ক্লাব: ম্যানচেস্টার সিটি, মেয়াদ: ৩৩ দিন, সাল: ১৯৯৬

প্রত্যাশার চাপটাই বোঝা হয়ে চেপে বসেছিল স্টিভ কোপেলের কাঁধে। সেজন্যই মাত্র ৩৩ দিন পরেই ছেড়ে দিয়েছিলেন ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বটা। বিদায় নেওয়ার আগে মাত্র ছয়টি ম্যাচে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের অন্যতম প্রধান এই ক্লাবটির ডাগআউটে।

কোচ: পল গ্যাসকোয়েন, ক্লাব: কেটারিং টাউন, মেয়াদ: ৩৯ দিন, সাল: ২০০৫

ব্যাপক জনপ্রিয়তার কথা মাথায় রেখেই পল গ্যাসকোয়েনকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল কেটারিং টাউন। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই বিপদটা টের পেয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তারকাখ্যাতি থাকলেও মাদকাসক্তিটা কাটিয়ে উঠতে পারেননি গাজ্জা। ফলে মাত্র ৩৯ দিনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয় তাঁর কোচিং ক্যারিয়ারটা।

কোচ: অ্যালেক্স ম্যাকলিশ, ক্লাব: নটিংহাম ফরেস্ট, মেয়াদ: ৪০ দিন, সাল: ২০১২-১৩

এবার অবশ্য বরখাস্ত নয়, নিজেই নটিংহাম ফরেস্টের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন অ্যালেক্স ম্যাকলিশ। ক্লাবের কুয়েতি মালিকের সঙ্গে বনিবনা না হওয়ায় ৪০ দিন পরেই অব্যাহতিপত্র জমা দিয়েছিলেন এই স্কটিশ কোচ। তাঁর আগে অবশ্য দলের খেলোয়াড় বা সমর্থকদের মন জয় করতেও ব্যর্থ হয়েছিলেন তিনি।

কোচ: লেস রিড, ক্লাব: চার্লটন, মেয়াদ: ৪১ দিন, সময়: ২০০৬

২০০৬ সালটা সত্যিই খুব খারাপ কেটেছিল চার্লটন অ্যাথলেটিকের। নিচের সারির প্রতিপক্ষের কাছে হেরে অংশ নিতে পারেনি লিগ কাপে। এরপর প্রিমিয়ার লিগেও পড়েছিল অবনমনের খাঁড়ায়। আর ভয়াবহ এই ব্যর্থতার খেসারত দিতে হয়েছে কোচ লেস রিডকে। ৪১ দিন পরেই ছাঁটাই করা হয় তাঁকে। ক্রিসমাসের ঠিক আগে বিদায় নিতে হয়েছিল রিডকে।

কোচ: ব্রায়ান ক্লফ, ক্লাব: লিডস ইউনাইটেড, মেয়াদ: ৪৪ দিন, সময়: ১৯৭৪

ডার্বি কাউন্টির কোচ থাকার সময় লিডস ইউনাইটেডের সঙ্গে রীতিমতো দা-কুমড়া সম্পর্ক ছিল ব্রায়ান ক্লফের। তিনি যেমন ঘৃণা করতেন লিডসের খেলোয়াড়দের, তেমনি লিডসও সহ্য করতে পারত না ক্লফকে। কিন্তু সেই ক্লপই এক সময় কোচ হয়ে আসেন লিডসে। খেলোয়াড়রা নিশ্চয়ই নতুন কোচের দ্রুত বিদায়ই প্রার্থনা করেছিল। আর তাদের প্রার্থনা মঞ্জুরও হয়েছিল। ‘শত্রুশিবিরে’ ক্লপ ছিলেন মাত্র ৪৪ দিন।

. হেনিং বার্গ ব্লাকবার্নের কোচ ছিলেন ৫৭ দিন
. হেনিং বার্গ ব্লাকবার্নের কোচ ছিলেন ৫৭ দিন

কোচ: হেনিং বার্গ, ক্লাব: ব্ল্যাকবার্ন, মেয়াদ: ৫৭ দিন, সময়: ২০১২

‘সত্যিকারের কোনো যোগ্যতাসম্পন্ন কোচ এ ধরনের চাকরির প্রস্তাবে সাড়া দেবে না’—২০১২ সালে ব্ল্যাকবার্নের কোচের দায়িত্ব নেওয়ার আগে এমন মন্তব্যই করেছিলেন হেনিং বার্গ। তার পরও যে কেন তিনি সেই ব্ল্যাকবার্নের কোচের আসনটাতেই বসলেন, সেটা সত্যিই রহস্য। নিজের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণ করে মাত্র ৫৭ দিন পরেই বিদায় নিতে হয়েছিল বার্গকে।

কোচ: কলিন টড, ক্লাব: ডার্বি, মেয়াদ: ৯৮ দিন, সময়: ২০০১/০২

২০০০ সালের দিকে ডার্বি কাউন্টির খারাপ সময়গুলোর মধ্যে কলিন টড ছিলেন সহকারী কোচ। প্রধান কোচ জিম স্মিথ কোচের পদ থেকে সরে দাঁড়ালে টডের ঘাড়েই বর্তায় কোচের দায়িত্বটা। নিজের যোগ্যতা প্রমাণের জন্য টড সময় পেয়েছিলেন মাত্র ৯৮ দিন। ১৭টি ম্যাচে কোচের দায়িত্ব পালনের পরই বরখাস্ত করা হয় টডকে।

কোচ: ব্রায়ান গুন, ক্লাব: নরউইচ, মেয়াদ: দুই ম্যাচ, সাল: ২০১০

১৯৮৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত নরউইচের গোলবারটা বেশ ভালোভাবেই আগলেছিলেন ব্রায়ান গুন। ২০১০ সালে ক্লাবের কিংবদন্তি এই গোলরক্ষকই যখন কোচ হিসেবে যোগ দিলেন তখন অনেকেই হয়তো আশা করেছিলেন যে, এখন থেকে কিছুটা হলেও কম গোল হজম করতে হবে। কিন্তু দুঃখের বিষয় গুনের শুরুটা হয়েছিল ৭-১ গোলের বিশাল ব্যবধানের হার দিয়ে। কয়েকদিন পরে ৪-০ গোলের একটা জয় পেলেও চাকরিটা বাঁচাতে পারেননি এই স্কটিশ কোচ। এই দুই ম্যাচ পরেই বিদায় নিতে হয়েছিল তাঁকে।

আর্মেনিয়া বিয়েলফ্লেডে ইয়র্গ বার্গারের স্থায়ীত্ব ছিল মাত্র ৫ দিন
আর্মেনিয়া বিয়েলফ্লেডে ইয়র্গ বার্গারের স্থায়ীত্ব ছিল মাত্র ৫ দিন

কোচ: ডেভ পেনি, ক্লাব: ব্রিস্টল রোভার্স, মেয়াদ: ১৩ ম্যাচ, সাল: ২০১১

চাকরি শুরুর দুই মাস পূর্ণ না হতেই বিদায় নিতে হয়েছিল ডেভ পেনিকে। এই সময়ের মধ্যে তাঁর তত্ত্বাবধানে ১৩ ম্যাচে মাঠে নেমে মাত্র দুইবারই জয়ের দেখা পেয়েছিল ব্রিস্টল রোভার্স। পেনিকে কেন বিদায় করা হয়েছিল সেটা বোধহয় না বললেও বোঝা যায়।