দশক-সেরা রোনালদো
আরেকটি বিশ্বকাপ দুয়ারে। মাস ছয়েক আগে থেকেই ফুটবল বিশ্ব যেন একটু একটু করে আক্রান্ত হচ্ছে ফুটবল-জ্বরে। হররোজ কত লেখাজোখা। কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাকেই যেন ভুলে বসে আছে সবাই। ১৫ গোল করে জার্ড মুলারকে ছাড়িয়ে যাওয়া রোনালদো যেন এখন বিস্মৃতির অন্তরালে। রোনালদো বলতে এখন সবাই ক্রিস্টিয়ানোকেই চেনে, আসল রোনালদো যিনি, তিনিই এখন দুই নম্বরে!রোনালদোকে ইচ্ছে করেই ভুলে যেতে পারেন কোচ কার্লোস দুঙ্গাও। কিন্তু ভক্তরা ঠিকই মনে রেখেছে ব্রাজিল তারকাকে। গোলডটকমের পাঠক জরিপে তাই গত দশকের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনিই। সর্বোচ্চ ৪৩.৬৩ শতাংশ ভোট পেয়েছেন করিন্থিয়ানসের এই স্ট্রাইকার।পিএসভি আইন্দহোফেন থেকে বার্সেলোনা, বার্সা থেকে ইন্টার মিলান হয়ে রিয়াল মাদ্রিদ—সবখানেই অনায়াসে বিশ্বজয় করেছেন এই ব্রাজিল তারকা। কিন্তু খেলোয়াড়দের চিরশত্রু ইনজুরির সঙ্গে লড়াইয়ে আর পেরে ওঠেননি। চোটের ওপর চোট সইতে সইতে ক্লান্ত ৩৩ বছর বয়সী রোনালদো তাই এখন ব্রাজিলের লিগে গিয়ে আশ্রয় খুঁজছেন। আন্তর্জাতিক আলোটাও সরে গেছে তাঁর ওপর থেকে। কিন্তু ভক্তরা যে ভুলে যায়নি ব্রাজিলের পেলের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাকে, এই জরিপ তারই প্রমাণ।ওই ভোটে দ্বিতীয় হয়েছেন ফ্রান্সের সাবেক তারকা জিনেদিন জিদান (৩৬.০৫ শতাংশ ভোট)। তৃতীয় হয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। ওয়েবসাইট।