দশরথ স্তব্ধ, জয়তু বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসির, কেষ্ট, ওয়ালি, শাখাওয়াতরা দশরথের ঘাসে চুমু আঁকলেন। এমন অবিস্মরণীয় জয়ের পর আবেগে থরথর ফুটবলাররা। সন্ধ্যাটাকে লাগছিল কী ভীষণ মোহনীয়!ভিআইপি বক্সের নিচে এক বাংলাদেশির হাতে বাংলায় লেখা প্ল্যাকার্ড উঠল, ‘শাবাশ বাংলাদেশ!’ অভিনন্দন জানাতে ছোট্ট এই দুটি শব্দ অবশ্য যথেষ্ট নয়। ২-০ গোলে নেপাল-পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ আরও বেশি কিছুই দাবি করে। সহস্র করতালির অভিবাদন!প্রথমার্ধে পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে নেপাল শাণায় সাঁড়াশি আক্রমণ। এই সময় যে ফুটবলটা খেলার কথা, সেটিই বাংলাদেশ খেলতে পেরেছে। কোচ লোডভিক ডি ক্রুইফের ‘প্রেসিং ফুটবলের’ অনবদ্য এক প্রদর্শনীর স্মারক হয়ে থাকল ‘যুদ্ধে’ রূপ নেওয়া ম্যাচটা। দশরথ স্টেডিয়াম বাংলাদেশের প্রিয় মৃগয়াক্ষেত্র। ১৯৯৯ সালে এখানেই দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে প্রথম সোনা এসেছিল নেপালকে হারিয়েই। বহু বছর বাদে কাল আবার জয়োল্লাস। নতুন কোচের হাত ধরে সূচনা যেন নতুন যুগের।ম্যাচের দুটি গোলই শাখাওয়াত রনির। ফিলিস্তিনের বিপক্ষে অবিশ্বাস্যভাবে সুযোগ নষ্ট করে দলকে ডুবিয়েছেন। কী অসাধারণভাবেই না করলেন সেই শাপমোচন। বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার দরজাটা ভালোভাবেই খোলা থাকল এতে।বাংলাদেশের জয়টা শুধু নেপালের বিপক্ষে নয়। দশরথের উপচে পড়া ২৩-২৪ হাজার দর্শকও ছিল প্রবল প্রতিপক্ষ। স্টেডিয়ামের পরিবেশ বলছিল, যেন ‘বিশ্বকাপের’ কোনো ম্যাচ। নেপালিরা প্রতিটি মুহূর্তে কোরাস তুলেছে। এই উন্মাতাল দর্শকদের স্তব্ধ করে ম্যাচটা জিতে নিয়ে বেরোনো সহজ ছিল না।শুরুতে বাংলাদেশ একটু স্নায়ুচাপে ভুগেছে। দুটি পাস পরই বল তুলে দিয়েছে প্রতিপক্ষের পায়ে। তবে গুছিয়ে নিয়েছে পরে। কিন্তু বেশি সময় নয়। নেপালিরা আবার ম্যাচের লাগাম হাতে নিয়ে বাংলাদেশকে একটা সময় করে ফেলেছিল কোণঠাসা।কিন্তু নেপালের বুকে ছুরি চালানোর কাজটা হয়ে যায় ২৫ মিনিটে। লিংকনের দুর্দান্ত এক ক্রসে হেড করতে লাফিয়ে ওঠেন প্রথম তকলিচ। তাঁকে টেনে ফেলে দেন ডিফেন্ডার রোহিত। গোলরক্ষক কিরণ কুমার বলটা পাঞ্চ করার পর কাতারের রেফারি ফাহাদ জাবেরের বাঁশি। পেনাল্টি!শাখাওয়াত (রনি) পেনাল্টি নিতে এগিয়ে যেতেই বাংলাদেশ শিবিরে ভয়। মিস করবেন না তো? নেপাল গোলরক্ষকের বাঁ দিক দিয়ে বল জালে ঠেলে শাখাওয়াত জানালেন, ‘আমি তৈরি হয়েই নেমেছি!’গোল খেয়ে নেপাল তেড়েফুঁড়ে দ্রুতগতিতে ঢুকছিল বাংলাদেশের বক্সে। গোটা বাংলাদেশ দলই মিলিতভাবে দাঁতে দাঁত চেপে তা সামলেছে। এই সময় বাংলাদেশ দলের মাঝমাঠ বলতে কিছুই ছিল না। সবাই নেমেছে রক্ষণে।একবার গোলরক্ষক সোহেল বল জমা দেন প্রতিপক্ষের পায়ে। যা থেকে কর্নারে গোল প্রায় হয়েই যাচ্ছিল। আগের ম্যাচের হ্যাটট্রিক হিরো ভারত খাওয়াজের হেড বাংলাদেশের ক্রসবারে চুমু খেয়ে যায় বাইরে।দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে নেপাল। অবধারিত গোল বাঁচান লিংকন। পর পর দুটি কর্নার আদায় করে স্বাগতিকেরা। বাংলাদেশ দল ভয়াল একসময় কাটিয়েছে তখন। গোল হওয়াটা মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে কোনো রকমে বেঁচে গিয়ে প্রতি-আক্রমণে উঠেই আবার গ্যালারিকে স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশ।৫৬ মিনিটে নেপালের অ্যাটাকিং থার্ডে মামুনুল বল দেন তকলিচকে। দারুণভাবে সেই বল তকলিচ বের করে দেন শাখাওয়াতকে। নেপালের রক্ষণ তখন জায়গায় নেই। সবাই ওপরে। ফাঁকা পোস্টে বলটা ঠেলে দেন শাখাওয়াত।দুই গোল খেয়ে নেপাল যেন হয়ে ওঠে খ্যাপাটে ষাঁড়। বাংলাদেশকে মেরে খেলতে থাকে সমানে। একই সঙ্গে বাংলাদেশের গোলমুখ খুলতে আপ্রাণ চেষ্টা করে। বল পোস্টে লেগেছে, ওয়ালি গোললাইন থেকে বাঁচিয়েছেন একবার। সোহেল গোটা দুয়েক ভালো সেভ করেছেন।গোল হচ্ছে না দেখে ক্ষিপ্ত দর্শকেরা ঢিল ছুড়েছে মাঠে। একটি পড়ে কাতারের সহকারী রেফারির গায়ে। এ নিয়ে খেলা বন্ধ থাকে মিনিট চারেক। পরে আবার গ্যালারি থেকে পানির বোতল মাঠে ছোড়ে দর্শকেরা। মাঠে তখন চরম উত্তেজনা। কিন্তু হারের গ্লানিই শেষ পর্যন্ত সঙ্গী নেপালের। শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি মিডফিল্ডার আলমগীর রানা। এদিন মিঠুনের জায়গায় কোমল এবং আলমগীর রানার জায়গায় তকলিচকে একাদশে রাখেন কোচ। নতুন এই দলই ওড়াল বিজয় পতাকা। জয়তু বাংলাদেশ!বাংলাদেশ দল: সোহেল, নাসির, কেষ্ট, ওয়ালি, লিংকন, মামুনুল, মিশু, সোহেল রানা, কোমল (মিঠুন), তকলিচ (আলমগীর রানা), শাখাওয়াত (সুজন)।