দশরথের দর্শকও আজ প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডুর রাস্তায় এক কলেজছাত্রের অনুরোধ—‘আপ কা টিকিট মিলেগা?’তরুণ হোটেল ব্যবস্থাপক উত্তেজনায় কাঁপছেন। ইনিও হিন্দিতে যা বললেন সারমর্ম এমন—‘আমি একজন ফুটবল-পাগল। নেপাল-বাংলাদেশ ম্যাচ দেখতে যাব। ছুটি নিয়ে রেখেছি।’স্থানীয় দশরথ স্টেডিয়ামে আজ থাকবে এমন হাজারো দর্শকের ভিড়। পরশু নেপাল-মারিয়ানা আইল্যান্ড ম্যাচে ভরে গিয়েছিল ১৬-১৭ হাজার ধারণক্ষমতার গ্যালারি। ৩০০ ও ৭০০ রুপির (টাকায়ও প্রায় একই মান) উচ্চমূল্যের টিকিট কিনতেও এঁদের দ্বিধা নেই।নেপালে ফুটবল এক নম্বর খেলা। ঘরোয়া লিগের খেলায়ও অনেক লোক আসে। জাতীয় দল হলে তো কথাই নেই। অথচ ঢাকায় ২০ টাকার টিকিট কেটেও খেলা দেখতে অনীহা। নেপালিদের জাতীয় দলের প্রতি আবেগটা আসলে অনেক বেশি। সুতরাং আজ বাংলাদেশের প্রতিপক্ষ নেপালের দর্শকও।কথাটা ভেসে বেড়াচ্ছে কাঠমান্ডুর সর্বত্রই। স্থানীয় আর্মি ট্রেনিং ইনস্টিটিউটে কাল দুই দলের অনুশীলনে তা আরও বেশি শোনা গেল। সবার মুখেই দর্শক প্রসঙ্গ। যেন এটাই এই ম্যাচে সবচেয়ে বেশি গুরত্বপূর্ণ!দুপুরে বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ বলে গেলেন, ‘২০ হাজার দর্শক আমাদের বিরুদ্ধে থাকবে। নেপালের দিক থেকে তাই নেপালই ফেবারিট।’ বিকেলে নেপালের পোলিশ কোচ জ্যাক স্টিফানোস্কির কণ্ঠেও একই কথা, ‘দর্শক সমর্থনটা আমাদের জন্য অনেক বড় উজ্জীবনী শক্তি।’নেপাল প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের চেয়ে এগিয়ে নয় নিশ্চয়ই। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মতো তারাও ধুঁকছে। পরশু দুর্বল নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডকে নেপাল ৬-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেজ্ঞ কাপে যেমন শুভসূচনা করল, এটা নাকি ১২ ম্যাচ পর আন্তর্জাতিক ফুটবলে দলটার প্রথম জয়! এ কারণেই স্থানীয় হিমালয়ান পত্রিকার ম্যাচ রিপোর্টেও শিরোনাম—‘লাকি থার্টিন’। মানে ১৩তম ম্যাচে এসে জয় ধরা দিয়েছে।গত দিল্লি সাফ ফুটবলে নেপাল ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে, সেটিও ১৮ বছর পর! সম্প্রতি কাঠমান্ডুতে এসে পাকিস্তান দুটি প্রীতি ম্যাচেই নেপালকে হারিয়েছে ১-০ গোলে। গত বছর শেষ দিকে বাংলাদেশ ১-১ ড্র করে গেছে প্রীতি ম্যাচে। কাজেই স্নায়ু ঠিক রেখে নিজেদের সেরাটা দিতে পারলে এই বাধাটা বাংলাদেশের জন্য কঠিন হওয়ার কথা নয়।অতীত কিন্তু লাল-সবুজের পক্ষে। দুই দলের আগের ১৭ সাক্ষাতে বাংলাদেশের জয় ১০, নেপালের ৫। তবে এও ঠিক, অতীত টেনে লাভ নেই। আজ জয় চাই বাংলাদেশের। নইলে প্রতিযোগিতা থেকে ছুটি। নেপাল জিতলে চূড়ান্ত পর্বের আশা ভালোভাবেই ধরে রাখবে। তার অর্থ, ম্যাচটা বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’। ক্রুইফ বলছেন, ‘নেপাল বাংলাদেশের গোত্রভুক্ত, এটা একটা ডার্বিও মতো। আমরা জয়ের আশা করতেই পারি এ ম্যাচে।’তবে জয়ের আগে চাই ৯০ মিনিট এক ছন্দে খেলার সামর্থ্য। ফিলিস্তিন ম্যাচে বাংলাদেশ ৬০ মিনিট পর দম হারিয়ে ফেলে। কোচের নোটবুকে এটিই সবকিছুর আগে, ‘গত ম্যাচটায় আমরা ৬০ মিনিটের পরই ভেঙে পড়েছি। মনোযোগ ধরে রাখতে পারেনি। গোটা দলের রক্ষণ ভেঙে পড়ে। এটা অবশ্যই মেরামত করা চাই।’ম্যাচের আগের দিন দুই দলের ছবিটা দুই রকম। নেপাল শিবির বেশ ফুরফুরে। শাখাওয়াত রনির অবিশ্বাস্য মিসে ফিলিস্তিন ম্যাচ হাতছাড়া হওয়ায় বাংলাদেশ একটু মানসিকভাবে পিছিয়ে। তার ওপর ফিলিস্তিন ম্যাচে চোট পাওয়া মিডফিল্ডার প্রাণতোষকে গোটা টুর্নামেন্টেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ।নেপাল শিবিরে মারিয়ানা ম্যাচে ‘হ্যাটট্রিক হিরো’ ভারত খাওয়াজকে নিয়ে কাল অনুশীলনে বেশ মাতামাতি। অধিনায়ক সাগর থাপার কণ্ঠে অশাবাদ, ‘বাংলাদেশ আমাদের সঙ্গে পারবে না।’ বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামের কণ্ঠে হুংকার নেই, ‘স্বাগতিক হিসেবে ওদের সুবিধা আছে। তবে জেতার জন্যই নামব।’ দশরথের ভরা গ্যালারিকে স্তব্ধ করার দিন কি আজই!