দশে দশ রোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলুদ-লাল প্রতীকে একটা নেকড়ের ছবি। রোমা দলটাও যেন এখন নেকড়ের মতো ক্ষুধার্ত। পরশু সিরি ‘আ’তে শিয়েভোকে ১-০ গোলে হারিয়ে টানা ১০ ম্যাচ জয়ের নতুন ইতালিয়ান রেকর্ড করল তারা। এর আগে ২০০৫-০৬ মৌসুমে জুভেন্টাস জিতেছিল টানা ৯ ম্যাচ। কিন্তু ম্যাচ পাতানোর কলঙ্ক গায়ে মেখে সেবার সব অর্জনই খোয়াতে হয়েছিল জুভদের। কাগজে-কলমে রোমার রেকর্ডটা তাই হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। পরশু সেটাকে শুধু আরেকটু বাড়িয়ে নিল। প্রশ্ন এখন একটাই, এই অপ্রতিরোধ্য রোমাকে কে থামাবে?
পরশু রোমার জয়টা এসেছে অনেক কাঠখড় পুড়িয়েই। ৬৭ মিনিটে মার্কো বরিয়েল্লোর হেডে করা গোলটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিয়েছে। টট্টি, জারভিনহো, মাইকনরা খেলেননি ম্যাচে। এতেই বোঝা যায়, আত্মবিশ্বাসের কোন চূড়ায় পৌঁছেছে রোমা।
রেকর্ডভাঙা জয়ের পরও আত্মপ্রসাদে বুঁদ হয়ে নেই ‘রোমান সাম্রাজ্যের’ সৈনিকেরা। সেটা বুঝে নিতে পারেন পরশুর নায়ক বরিয়েল্লোর বক্তব্যেই, ‘এটা দারুণ একটা সন্তুষ্টি। আমরা ইতিহাস গড়েছি। এখন আমরা তুরিনো সফরের (আগামীকাল) দিকে তাকিয়ে আছি।’
রোমার কোচ রুডি গার্সিয়াও মোটেই গা এলিয়ে দিচ্ছেন না। ম্যাচের পর রাতভর হুল্লোড় পর্যন্ত করতে দেননি খেলোয়াড়দের। গার্সিয়ার বাস্তববাদী উচ্চারণ, ‘এটা আমাদের জন্য দারুণ একটা অর্জন, কিন্তু এটা খুব বেশি উপভোগের সুযোগ নেই। তুরিনোর সঙ্গে খেলার আগে আমরা এক দিন কম পাচ্ছি, তাই প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিটা মিনিটই গুরুত্বপূর্ণ।’ জুভেন্টাস ও নাপোলির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেছে রোমা। কিন্তু লািসওর সঙ্গে শেষ ম্যাচটা ঘরের মাঠে ড্র করে দশে নেমে গেছে মিলান। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়াটাই এখন বড় চিন্তা তাদের।
আজই মাঠে নামছে জুভেন্টাস, নাপোলি, মিলান। এ সপ্তাহেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। পারমার সঙ্গে জয় দিয়ে প্রস্তুতিটা সারতে চায় জুভেন্টাস। নাপোলি খেলবে কাতানিয়ার সঙ্গে, মিলানের প্রতিপক্ষ ফিওরেন্টিনা। এএফপি, ওয়েবসাইট।