দশে দশ, রোমার নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর ছুটছেন বরিয়েল্লো। ছবি: রয়টার্স
গোলের পর ছুটছেন বরিয়েল্লো। ছবি: রয়টার্স

এক যুগ হয়ে গেছে ইতালিয়ান লিগ শিরোপা ঘরে তোলা হয়নি। রোমা তাই ক্ষুধার্ত। ভীষণ ক্ষুধার্ত। আর রোমার সেই সর্বগ্রাসী ক্ষুধা এবার বেশ টের পাচ্ছে প্রতিপক্ষ দলগুলো। একের পর এক জয় তুলে নিয়ে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে ইতালির রাজধানীর ক্লাবটি। কাল মার্কো বরিয়েল্লোরের গোলে শিয়েভোকে ১-০ ব্যবধানে হারিয়ে রোমা নতুন একটি রেকর্ডই গড়ে ফেলল। লিগ শুরু থেকে টানা ১০ ম্যাচে জিতেছে তারা। ইতালিয়ান লিগের ইতিহাসে আর কোনো দল প্রথম ১০ ম্যাচে জিততে পারেনি।
কাল অবশ্য পয়েন্ট টেবিলের তলানির তল শিয়েভো বেশ বুক চিতিয়েই দাঁড়িয়ে গিয়েছিল। ১০ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে সবার শেষে থাকা এ দলটি রোমাকে তাদের মাঠেই রুখে দিয়েছিল প্রায়। প্রথম এক ঘণ্টা তো টায়েটায়েই লড়াই করেছে। শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেছেন বরিয়েল্লো। রোমার জয়যাত্রা থেমে যাচ্ছে কি না—এই শঙ্কায় যখন অলিম্পিক স্টেডিয়াম, সেই মুহূর্তে ৬৭ মিনিটে হেড থেকে গোল করেন এই স্ট্রাইকার। তাতেই নিশ্চিত হয় ১০ ম্যাচে রোমার ৩০ পয়েন্ট। নাপোলি ও জুভেন্টাসের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছে ফরাসি কোচ রুদি গার্সিয়ার অধীনে বদলে যেতে থাকা রোমা।
রোমা ১০ জয়ের রেকর্ড গড়েই তৃপ্ত নয়। ছুটতে চায় আরও জোরে। ম্যাচ শেষে প্রতিপক্ষের উদ্দেশে এমনই হুঙ্কার ছাড়লেন বরিয়েল্লো, ‘প্রথম লক্ষ্যটা আপাতত অর্জিত হয়েছে। রোমার এই দলটা ইতিহাসের পাতায় জায়গা করে নিল, এটা অবশ্যই তৃপ্তির। আমরা এটি উপভোগ করব। এই দলটা কি স্কুডেট্টো (ইতালিয়ান লিগ) জিততে পারে? আমরা সত্যিই খুব জোরে ছুটছি।’