দশে মিলি করি কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেশ একচোট হাসাহাসি হয়ে গেল। তামিম ইকবালকে একজন প্রশ্ন করেছিলেন, ‘আপনারা কি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে প্রতিদিন একজন করেই ভালো খেলবেন?’ তামিমের উত্তর, ‘তাই তো মনে হচ্ছে!’ মজা করেই প্রশ্ন, মজা করেই উত্তর। কিন্তু প্রসঙ্গটা তো সিরিয়াস!নিউজিল্যান্ড সিরিজের তিন ওয়ানডে আর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে কিন্তু সত্যিই মনে হচ্ছিল বাংলাদেশ এক....। নিউজিল্যান্ডে প্রথম ম্যাচে রান পেলেন একমাত্র তামিম (৬২), দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিম (৮৬), আর শেষ ম্যাচে ইমরুল কায়েস (১০১)। দেশে এসেও একই অবস্থা, প্রথম ম্যাচে রান পেলেন কেবলই তামিম (১২৫)। অথচ কালকের আগে এ বছর খেলা বাংলাদেশের আট ওয়ানডেতে সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত স্কোর যে ম্যাচগুলোতে হয়েছে, দলীয় সংগ্রহে সেরা চারেই নেই একটি ম্যাচও। প্রথম ম্যাচে তামিমের ১২৫ রানের দিনে বাংলাদেশ করতে পেরেছে ২২৮। নিউজিল্যান্ডে শেষ ওয়ানডেতে ১০১ করলেন ইমরুল, বাংলাদেশ ২৪১। আর ইমরুলের সেঞ্চুরির আগের ম্যাচটিতেই ৮৬ করেছিলেন মুশফিক, বাংলাদেশ মাত্র ১৮৩। এ বছরের সবচেয়ে বড় চারটি স্কোরে কিন্তু কারও একক কৃতিত্ব নেই। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬০ রান তুলেছিল বাংলাদেশ, সর্বোচ্চ ৭৫ মোহাম্মদ আশরাফুলের। ৪৫ করেছিলেন মাহমুদউল্লাহ, তামিম ৪০। এখনো পর্যন্ত বছরের সর্বোচ্চ ২৯৬ (ভারতের বিপক্ষে) করার দিনে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর তো আরও কম। ৭০ করেছিলেন ইমরুল, কিন্তু তামিম ও মাহমুদউল্লাহ করেছিলেন ৬০ করে, কিছু রান পেয়েছিলেন আশরাফুল (২৯) ও রকিবুল হাসানও (৩২)। ত্রিদেশীয় সিরিজের পরের দুই ম্যাচে আড়াইশ না পেলেও খুব একটা কমও করেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি ছিল না একটিও, সাকিব আল হাসানের ৪৭ ছিল সর্বোচ্চ। কিন্তু চল্লিশ পেরিয়েছিলেন আরও দুজন, আর তিনজন ত্রিশ। দু অঙ্ক ছুঁয়েছেন প্রথম সাত ব্যাটসম্যানের সবাই, ৫০ ওভার শেষে দেখা গেল ঠিকই মোটামুটি ভালো একটা স্কোর পেয়ে গেছে বাংলাদেশ (২৪৯)। ভারতের বিপক্ষে পরের ম্যাচটিতে ফিফটি ছিল দুটি, ৮৫ করেছিলেন অধিনায়ক সাকিব, ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত ৪৭ মাহমুদউল্লাহ। ছোট, কিন্তু ২৮ ও ২২ রানের কার্যকরী দুটি ইনিংস ছিল রকিবুল ও নাইম ইসলামের। বাংলাদেশ করেছিল ২৪৭।৬ ম্যাচ পর কাল বাংলাদেশ আবার আড়াইশ পেরোলো কোনো একজনের বড় ইনিংসে নয়, কয়েকজনের সম্মিলিত অবদানে। কালকের ম্যাচের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের অনেকটা মিল খুঁজে পাওয়া যাবে সিরিজের প্রথম ম্যাচের। দু ম্যাচেই বাংলাদেশের রান ২৬০, দু ম্যাচেই খুব বড় স্কোর পায়নি বিশেষ কোনো একজন, কিন্তু সবাই মিলে পার হয়েছে আড়াইশ। একজনের একটা বড় স্কোরের চেয়ে কয়েকজনের মাঝারি ইনিংস যে কতটা কার্যকরী, তার নমুনা পাওয়া যেতে পারে বাংলাদেশের প্রতিপক্ষদের দেখেও। যে দুই ম্যাচে সেঞ্চুরি পেয়েছে বাংলাদেশের দুই ব্যাটসম্যান, সেই দু ম্যাচের একটিতেও প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি ছিল না, বাংলাদেশকে তবু হারতে হয়েছে অনায়াসেই। ক্রাইস্টচার্চে ইমরুলের সেঞ্চুরিতে করা বাংলাদেশের ২৪১ রানের লক্ষ্য কিউইরা টপকেছে মাত্র একটি ফিফটিতে। ৯১ করেছিলেন মার্টিন গাপটিল, ক্রিজে নামা আর আটজনের সাতজনই পেয়েছিলেন কিছু না কিছু রান। আর ঢাকায় তামিমের চেয়ে ৫০ রান কম করেছিলেন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারী পল কলিংউড (৭৫*)। কিন্তু বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান যেখানে নাঈমের ২৫, ইংল্যান্ডের সেখানে অ্যালিস্টার কুকের ৬৪। তার মানে এই নয় যে সেঞ্চুরি করতে নিরুত্সাহিত করা হচ্ছে। কিন্তু একজনের শতকের পাশে আর দু-একজনের ফিফটি, নিদেনপক্ষে ৪৫-৪০ না হলে যে দলের সেই সেঞ্চুরি কোনো কাজেই আসে না! ‘দশে মিলি করি কাজ’—জীবনের অন্য দশটা ক্ষেত্রের মতো ক্রিকেটেও বড্ড প্রয়োজন। কালকের ম্যাচটিও কি সেই শিক্ষাই দিল না?