দশের সেরা উইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান। কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েদের ১৩০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মহিলা বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষ দল হয়েছে ক্যারিবীয়রা। পাকিস্তান হয়েছে দ্বিতীয়।ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে করা ২৫০ রানের জবাবে ৩৭.৩ ওভারে ১২০ রানে অলআউট পাকিস্তান। ১৪ রানে ৭ উইকেট নিয়ে অফ স্পিনার আনিসা মোহাম্মদ একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ইনিংস, ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। এর আগে ডিনড্রা ডটিনের ৯৫ বড় প্রভাবক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বড় ইনিংসে।ফতুল্লায় দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার ১৯২ রানের জবাবে মাত্র ২ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছে তারা। শ্রীলঙ্কার ওপেনিং জুটিতেই আসে ১১৬ রান। কাল হারায় দক্ষিণ আফ্রিকা চতুর্থ হলো টুর্নামেন্টে।বিকেএসপির ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে পঞ্চম হয়েছে স্বাগতিক বাংলাদেশ। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের মেয়েদের ১২৬ রানে হারিয়ে হল্যান্ড হয়েছে সপ্তম। হল্যান্ডের ৭ উইকেটে করা ২৯৩ রানের জবাবে ৫০ ওভার ব্যাট করে ৮ উইকেটে ১৬৭ রান করেছে যুক্তরাষ্ট্র।