দস্যিপনার সোনা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো স্কুল ফাঁকি দিয়ে পাড়াময় ঘুরে বেড়ানো। কখনো আবার বন্ধুদের সঙ্গে মারামারি। এই ছিলেন ছোটবেলার শাম্মী আক্তার। পাড়ায় নাম হয়ে গিয়েছিল ‘দস্যি মেয়ে’। কাল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জিমনেসিয়ামে এই দস্যিপনারই জয় হলো। কাল যে ‘মারামারির’ খেলা তায়কোয়ান্দোতে মেয়েদের অনূর্ধ্ব-৪৯ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন দস্যি মেয়ে শাম্মী।একদিন দুষ্টুমির ছলে মারামারি করতেন বন্ধুদের সঙ্গে। দুষ্টুমির সেই মারামারিই এখন খেলা শাম্মীর। বন্ধুদের যে মারটা দিতেন সেটা কাল দিলেন প্রতিপক্ষ খেলোয়াড়দের। কোয়ার্টার ফাইনালে তিনি মেরে প্রতিযোগিতা থেকে বের করে দেন ভুটানের কুয়েনচাং চোকিকে। ভুটানের এই মেয়েকে একেবারেই দাঁড়াতে দেননি। সোনা জয়ের হালকা রঙের আশাটা গাঢ় হয়েছিল এই ব্যবধানের জয়েই। ভারতের সারদা দীক্ষিতকে ৬-৫ পয়েন্টে হারিয়ে ওঠেন ফাইনালে। আর সেখানে পাকিস্তানের সামিয়া ইমদাদকে হারালেন ৮-৩ ব্যবধানে।প্রথম রাউন্ডেই সামিয়াকে পেছনে ফেলেন শাম্মী (১-০)। দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যান ৩-১-এ। দর্শকের গর্জন সত্ত্বেও তৃতীয় ও শেষ রাউন্ডের শুরুতেই শাম্মীর ওপর ঝাঁপিয়ে পড়েন সামিয়া। কিন্তু কোচের নির্দেশে শাম্মী চলে গিয়েছিলেন প্রতি-আক্রমণাত্মক খেলায়। এ রাউন্ডে জেতেন ৪-২-এ।শেষ বাঁশি বাজতেই শাম্মীকে নিয়ে শুরু হয়ে যায় উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসের মধ্যেই কে যেন বাংলাদেশের একটা জাতীয় পতাকা এনে জড়িয়ে দেন তাঁর গায়ে। সেই পতাকা গায়ে কোর্টের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে দৌড়ালেন শাম্মী। হাসলেন সোনার হাসি। কাঁদলেন আনন্দের কান্না। বললেন, ‘খুব ভালো লাগছে। দেশের মুখ উজ্জ্বল করতে পেরেছি, এতেই বেশি আনন্দ হচ্ছে আমার।’শাম্মীকে নিয়ে যখন হইহুল্লোড় চলছে, জিমনেসিয়ামের এক প্রান্তে ফুঁপিয়ে কাঁদছিলেন পাকিস্তানের সামিয়া। দেশকে কিছু দিতে না পারার কষ্ট তাঁর, ‘আমার খুব খারাপ লাগছে যে, দেশকে একটি সোনা দিতে পারিনি। সবার প্রত্যাশা আমি পূরণ করতে পারিনি।’ সামিয়ার পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছেন নেপালের নিরাঞ্জি দিনুশা।কাল ছেলেদের তায়কোয়ান্দোতে আরও দুটি সোনার নিষ্পত্তি হয়েছে, গেছে তা ভারত-আফগানিস্তানের অধিকারে। ৮০ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন ভারতের আনন্দ পাতিয়া, ৭৪ কেজির সোনা জিতেছেন আফগানিস্তানের মাসুদ হাসেমি। দুটিতেই রুপা পেয়েছে পাকিস্তান। ব্রোঞ্জ উঠেছে নেপাল ও শ্রীলঙ্কার দুই যোদ্ধার গলায়।