দাঁত ঠিক করে ফেলেছেন রোনালদিনহো!

রোনালদিনহোর কথা ভাবতেই মনের পর্দায় শুধু তাঁর ফুটবল নিয়ে কারিকুরির ছবিই ভেসে ওঠে না, ভেসে ওঠে দুষ্টু-মিষ্টি একটা দেঁতো হাসি। রোনালদিনহোর এই দাঁত ক্যারিকেচার শিল্পীদেরও খুব প্রিয় ছিল। কিন্তু এবার থেকে একেবারেই অন্য এক হাসির রোনালদিনহোকেই পাওয়া যাবে। নিজের ওপরের পাটির উঁচু দাঁত সমান করে ফেলেছেন এই ব্রাজিলিয়ান প্লেমেকার!
আধঘণ্টারও কম সময়ের মধ্যে ব্রাজিলের একজন কসমেটিক সার্জন দীর্ঘদিনের এই মনঃকষ্ট থেকে মুক্তি দিয়েছেন ৩৩ বছর বয়সী সাবেক বার্সা তারকাকে। সমান দাঁতের হাসিতে রোনালদিনহোকে নাকি একটু অচেনাই লাগছে!
গত মঙ্গলবার ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর বেলো হরিজন্তেতে এই অস্ত্রোপচার করান বলে জানিয়েছে স্থানীয় দৈনিক ‘ও গ্লোবো’। বদখত মাড়ি এবং অসমান উঁচু-নিচু দাঁতও সমান করে ফেলেছেন রোনালদিনহো। রোনালদিনহোর এজেন্ট ও ভাই রবার্তো অ্যাসিস বলেছেন, ‘এটা ওর দাঁতের স্বাভাবিক চিকিত্সারই অংশ। এই অস্ত্রোপচারে ওর ওপর কোনো প্রভাব পড়েনি।’
প্রভাব যে পড়েনি সেটি মঙ্গলবার বিকেলেই অ্যাটলেটিকো মিনেইরো সমর্থকদের সঙ্গে অনুশীলন করে বুঝিয়ে দিয়েছেন রোনালদিনহো। কিছুদিন আগে এই ক্লাবটিকে কোপা লিবার্তাদোরেস জিতিয়েছেন হারিয়ে যেতে যেতে নিজেকে ফিরে পাওয়া দুবারের এই ফিফা বর্ষসেরা খেলোয়াড়।