বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলা। বাফুফের পুরোনো অফিস। কাল বিকেল তিনটা নাগাদ ভিড় জমে গেল অনেক কিশোর ফুটবলারের। অনূর্ধ্ব-১৬ পাইওনিয়ার লিগে খেলতে আগ্রহী দলগুলোর নিবন্ধন এবং বয়স নির্ধারণের শেষ দিন। বেশ উৎসব-উৎসব ভাব।এমন সময় পাইওনিয়ার লিগ কমিটির কো-চেয়ারম্যান সাবেক ফুটবলার বিজন বড়ুয়া এসে ঢুকলেন কক্ষে। তিনি চেয়ারে বসতে না-বসতেই এক ক্লাব কর্মকর্তা এলেন কয়েক কিশোরকে নিয়ে। একজনকে ডেকে নিয়ে বিজন বললেন, ‘জামাটা খোল। তার পরও বুকে লোম উঠেছে কি না দেখলেন। আরও নানা পরীক্ষা চলল।’ এই যুগে এসে বয়স নির্ধারণে মান্ধাতা আমলের পদ্ধতি। আজকাল বয়স নির্ধারণে অনেক আধুনিক পরীক্ষা আছে। কিন্তু আর্থিক কারণে সেই পথে হাঁটার সুযোগ দেখছেন না সংশ্লিষ্টরা। বিজন বললেন, ‘প্রথমে চিকিৎসক আনলে তিনি খেলোয়াড়দের ডিএনএ পরীক্ষা করতে বলেন। পরে হাড় টেস্ট করার পরামর্শ দেন। এই পরীক্ষা করতে ৬০০ টাকা লাগে। পাইওনিয়ারের দলগুলো গরিব। তাই চোখে দেখেই আমরা বয়স নির্ধারণ করছি। ১৪টা করে দুই মাড়িতে ২৮টি দাঁত দেখলে আমরা মোটামুটি ওকে করে দিয়েছি। ৩২টি দাঁত হলে বুঝতে হবে বয়স আঠারোর ওপরে চলে গেছে। আবার বুকে লোম উঠে গেলে ছাড়িনি।’খেলোয়াড়প্রতি ১০ টাকা ফরম ফি দিতেই অনেক দলের হিমশিম অবস্থা। বয়স পরীক্ষার জন্য ফি! এটা সম্ভব নয় ধরে নিয়ে বয়স নির্ধারণ কমিটি করা হয়। আগে বয়স নির্ধারণে লাইন ধরে খেলোয়াড় দাঁড় করিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়া হতো। এবার চার-পাঁচজনের কমিটি একসঙ্গে বসে খেলোয়াড় দেখে দেখে সিদ্ধান্ত দিয়েছে। ১৬ বছর বা এর কম হলে ‘হ্যাঁ’, একটু সংশয় থাকলে ‘স্থগিত’ এবং বেশি বয়সী হলে ‘না’। পুরো প্রক্রিয়াটির সঙ্গে আছেন পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সহসভাপতি আরিফ খান (জয়) এবং বাফুফের সদস্য ইকবাল হোসেন। বিজনসহ তিনজনকে নিয়েই পাইওনিয়ার লিগ কমিটি। তবে এ কমিটির ওপর নাখোশ দেখা গেল অনেককেই। ৩০-৩৫ জন খেলোয়াড়ও নিয়ে এসেও অনেক দল বয়স পরীক্ষায় উত্তীর্ণ করতে পেরেছে হয়তো ৫-৭ জনকে! বাকিদের বেশি বয়সী বলে বিদায় দিয়েছে কমিটি। পরশু পর্যন্ত ৬৪টি দলের হয়ে প্রায় ২৯০০ খেলোয়াড়ের মধ্য থেকে ছাড়পত্র পেয়েছে ১৭-১৮ শর মতো। প্রধানমন্ত্রী উদ্বোধন করার সময় দিলেই এই কিশোর লিগটি ঢাকার ১০টি মাঠে হয়তো এ মাসেই শুরু হবে।