দাওয়াত পাননি ধোনি!
লক্ষ্মণের বাড়িতে দাওয়াত পাননি মহেন্দ্র সিং ধোনি। হায়দরাবাদে নিজের বাড়িতে দেওয়া সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন ভারতীয় দলের অনেকেই—শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, জহির খানসহ অনেকে। কিন্তু ছিলেন না অধিনায়ক ধোনি। তবে কি লক্ষ্মণ মনে মনে ধোনির ওপর চটা? মঙ্গলবার রাতে লক্ষ্মণের বাড়ির সেই অনুষ্ঠানে ধোনিকে নিমন্ত্রণ না জানানোয় ব্যাপারটি কি তেমনই দাঁড়াচ্ছে না?নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে কাল। হায়দরাবাদের এই টেস্টে লক্ষ্মণেরও খেলার কথা ছিল। কিন্তু দলে ডাক পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বলে দেওয়াটাই যৌক্তিক মনে করেছেন তিনি। ধোনির ওপর লক্ষ্মণ নাকি এতটাই বিরক্ত যে অবসরের সংবাদটি অধিনায়ককে জানানোরও প্রয়োজনীয়তা অনুভব করেননি তিনি।ব্যাপারটি চাউর হয়েছে ধোনির কথাতেই। টেস্ট ম্যাচের প্রাক্কালে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধোনি জানিয়েছেন, তিনি মঙ্গলবার লক্ষ্মণের বাড়ির সেই অনুষ্ঠানে যাননি। যাবেন কী করে! তিনি যে দাওয়াতই পাননি!কোনো ভনিতা না করেই ধোনি সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘না, আমি লক্ষ্মণের বাড়িতে যাইনি। কারণ, আমাকে নিমন্ত্রণ করা হয়নি।’লক্ষ্মণ তাঁর অবসরের সংবাদ কেন অধিনায়ককে জানাননি, এ নিয়ে প্রশ্ন করা হলে ধোনি অবশ্য এ ব্যাপারে নিজের সমস্যাই দেখছেন। তিনি বলেন, ‘আমার মধ্যে একটা নির্লিপ্ততার ব্যাপার আছে, যেটা আমার চরিত্রগত ত্রুটি। আমি এই ত্রুটি শোধরানোর চেষ্টা করছি। কিন্তু পারছি না।’একটি সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নির্বাচিত হওয়ার পরও লক্ষ্মণকে কোনো এক নির্বাচক দুই ম্যাচের আল্টিমেটাম দিয়েছিলেন। তাঁকে বলা হয়েছিল, নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুই টেস্টে ভালো করতে না পারলে তাঁকে চিরতরে জাতীয় দল থেকে বাদ দেওয়া হবে। লক্ষ্মণের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের জন্য এই আল্টিমেটাম ছিল অপমানজনক। তাই সম্মান নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে ‘বিদায়’ বলে দিয়েছেন তিনি। এ ব্যাপারে অবশ্য ধোনি কিছু বলেননি। কেবল বলেছেন, ‘এ সম্পর্কে লক্ষ্মণ ভাই-ই ভালো বলতে পারবেন। তাঁকে জিজ্ঞাসা করুন।’ পিটিআই।