দাঙ্গাবাজদের জন্য সুখবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটলে আলাদা কথা। নইলে ব্রাজিল বিশ্বকাপ বোধ হয় জটিলতা ছাড়াই ‘উপভোগ’ করতে পারবে আর্জেন্টিনার দাঙ্গাবাজ সমর্থক দল বারাস ব্রাভাস।
২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা-জার্মানি কোয়ার্টার ফাইনালের আগে বারাস ব্রাভাসের মারামারিতে কেপটাউনে নিহত হয়েছিল আর্জেন্টিনার এক সমর্থক। ‘বিপজ্জনক’ মনে হওয়ায় ৩০ আর্জেন্টাইন সমর্থককে তো দক্ষিণ আফ্রিকা থেকে ফেরতই পাঠানো হয়েছিল দেশে।
ব্রাজিল বিশ্বকাপে সে রকম কিছু হবে না মনে হওয়ার কারণ বুয়েনস এইরেসের আদালতের দেওয়া একটা রুল। আর্জেন্টিনার নাগরিকদের ব্যক্তিগত তথ্যাদি অন্য দেশকে জানানোর ব্যাপারে দেশটির সরকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তার মানে বারাস ব্রাভাসের সদস্যদের ব্যাপারে আগে থেকেই কোনো তথ্য থাকবে না ব্রাজিলের ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে।
আর্জেন্টিনার ফুটবল-দাঙ্গার ইতিহাস অনেক পুরোনো। গত দুই বছরেই ফুটবল দাঙ্গায় নিহত হয়েছে অন্তত ২৪ জন। তার পরও আদালতের অমন সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন সমর্থকদের গ্রুপ ইউনাইটেড আর্জেন্টাইন ফ্যানসের আইনজীবী ডেবোরা হামবো। এএফপি।