দাঙ্গার কবলে প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানে-ওখানে মারধর চলছে, পুড়ছে দোকানপাট। ইংল্যান্ড-জুড়ে এই দাঙ্গার আঁচ লেগেছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। টটেনহাম-এভারটন ম্যাচটি স্থগিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ। আগামীকাল ইপিএলের নতুন মৌসুমের সূচনার দিনেই ম্যাচ ছিল টটেনহাম হটস্পারের। ইংল্যান্ড-জুড়ে চলমান দাঙ্গার উৎপত্তিও লন্ডনের এই জায়গাতেই। এ কারণেই টটেনহামের মাঠ হোয়াইট হার্ট লেনের ম্যাচটি স্থগিত করা হয়েছে। প্রিমিয়ার লিগে নতুন আসা কুইন্স পার্ক রেঞ্জার্সের মালিক বার্নি এক্লেস্টোন অবশ্য ম্যাচ স্থগিতের পক্ষে ছিলেন না। তাঁর যুক্তি, ‘প্রিমিয়ার লিগ বিশ্বের সব দেশেই প্রচারিত হয়। আমি যেখানেই যাই, দেখি কারও না কারও সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড খেলছে। খেলা বন্ধ থাকলে বিশ্বের কাছে দাঙ্গা নিয়ে নেতিবাচক বার্তা পৌঁছে যাবে।’ যেখানে সমস্যা নেই, সেখানকার সূচি অপরিবর্তিতই থাকছে। দিনের অন্য ম্যাচগুলো তো ঠিক সময়েই হবে। বড় ম্যাচ অবশ্য শুরুর দিনে নেই। কথিত ‘বিগ ফোরের’ দুটিই কেবল এদিন মাঠে নামবে। আর্সেনাল যাবে নিউক্যাসলের মাঠে, আর লিভারপুল নিজেদের মাঠে খেলবে সান্দারল্যান্ডের বিপক্ষে। এএফপি, রয়টার্স, ওয়বসাইট।