দাদা এখনো ধোনিদের পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড সফরে যখন একের পর এক ম্যাচে হতাশায় পুড়ছিল ভারত, ব্যর্থতার সেই আগুনের আঁচ লাগছিল তাঁর গায়েও। তিন বছর হয়েছে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন। তার পরও এই দলটা এখনো নিজেরই মনে হয় সৌরভ গাঙ্গুলীর। ইংল্যান্ড সফরে দিশাহারা নাবিকের দলে পরিণত হওয়া ভারতকে সমর্থন দিয়ে গেছেন। সমর্থন দিচ্ছেন এখনো। দীর্ঘ সফরে ভারত যে একটিও জয় পায়নি, এর মূল কারণ হিসেবে সৌরভ এখনো বলছেন ইনজুরির কথাই।ইনজুরির ধকল এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে তরুণদের নিয়ে গড়া বোলিং আক্রমণ দিয়েই গত ম্যাচে ১৭৪ রানে ধসিয়ে দেওয়া গেছে ইংলিশদের। এসেছে ১২৬ রানের বিশাল জয়। আজ দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই দল। এই ম্যাচের আগে সৌরভ বলছেন, ভারত যে সিরিজ জিতবে তাতে কোনো সন্দেহ নেই তাঁর।দিল্লি! নামটা শুনেই কেভিন পিটারসেনের বুক ধক করে ওঠার কথা। সর্বশেষ ভারত সফরে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন পিটারসেনই। ২০০৮ সালের ওই সফরে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম পাঁচটিতেই হেরে যাওয়ার পর ভারত ছেড়ে একরকম পালিয়েই যেন বাঁচে ইংল্যান্ড। না, ভারতের হাতে নিগৃহীত হওয়ার ভয়ে নয়, এরই মধ্যে যে মুম্বাইয়ে হয়েছিল ভয়াবহ সন্ত্রাসী হামলা। ফলে সেবার সিরিজের শেষ দুটো ম্যাচ হতে পারেননি। এই দুই ম্যাচের একটি হওয়ার কথা ছিল দিল্লিতে। তাই বলতে পারেন, তিন বছর আগের ‘অনাদায়ী’ ম্যাচটাই হচ্ছে আজ।ভারত অবশ্যই চাইবে ২০০৮ সালের মতোই দাপট দেখিয়ে ওয়ানডে সিরিজটি জিতে নিতে। তাহলে যে গত ইংল্যান্ড সফরের ক্ষতে কিছুটা সান্ত্বনার প্রলেপ দেওয়া যায়। আজ তাই লিডটাকে ২-০ বানিয়ে ফেলতে চায় তারা। অবশ্য দিল্লির ফিরোজ শাহ কোটলার সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা অম্লমধুর। এ মাঠে নয় জয়ের বিপরীতে পাঁচটি হারও আছে ভারতের। আবার ইংল্যান্ডের সঙ্গে দিল্লির লড়াইয়ে তো সমতা। একটা ম্যাচ ভারত হেরেছে, একটা জিতেছে। ওয়েবসাইট।