দাদার প্রত্যাবর্তন
ম্যাচটার তখনো অনেক বাকি। বলতে গেলে, কলকাতা নাইট রাইডার্সের জয়ের কোনো ইঙ্গিতও তখন মেলেনি। সৌরভ গাঙ্গুলী ফিফটি করেই মুষ্টিবদ্ধ ডান হাত ঠুকলে বুকের বাঁ পাশে...। বারকয়েক। ফুটবলে অনেক দেখা যায়, তবে ক্রিকেটে বিরল দৃশ্য। এর মাধ্যমে কী বললেন আসলে সৌরভ? আমি কলকাতার রাজকুমার, রাজকুমারই আছি? নাকি, বন্ধু, সাহসটা এই বুকের খাঁচা থেকেই বেরোয়?সে যা-ই হোক, ম্যাচ শেষে সত্যিই সৌরভ সেই কলকাতার রাজকুমার। ৫৪ বলে ৮৮ রানের ইনিংস ও ক্ষুরধার ক্রিকেট-মস্তিষ্ক দিয়ে ডেকান চার্জার্সকে ২৪ রানে হারিয়ে দেওয়ার পর আবার তিনি সবার চোখের মণি। আবার সবার মাথায় এবং বুকের গভীরের আবেগ। অথচ আগের ম্যাচেই কোটলায় দিল্লি ডেয়ারডেভিলসের কাছে নাইট রাইডার্সের আত্মসমর্পণ এঁকেছিল অন্য ছবি, দিয়েছিল অন্য পূর্বাভাস। টানা তৃতীয়বারের মতো নাইট রাইডার্স চোরাবালিতে খাবি খেতে যাচ্ছে। এবং সবচেয়ে যেটি অগৌরবের, সৌরভের ক্রিকেট সামর্থ্যের শোকগাথা লেখা হয়ে গিয়েছে। এক ম্যাচ আগেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জেতা ম্যাচে ৪০ বলে ফিফটি করলেও তা অনেকেরই মন জয় করতে পারেনি। বরং বলা হয়েছে, ওটা টি-টোয়েন্টির ইনিংস নয়!কলকাতায় তাঁকে ব্যঙ্গ করে পোস্টার পড়েছিল। ‘কিং খান’ কলকাতার ‘প্রিন্স’কে বিদ্রূপ করে টুইটারে লিখেছিলেন, ম্যাচ হারলে টস হারা বা উইকেটকে অজুহাত বানানোর দিন শেষ। সৌরভের ওপর বিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন শাহরুখ খান। আসলে নাইট রাইডার্সের মালিক সৌরভকে চিনতে ভুল করেছিলেন। ভুল করেছিলেন ক্রিকেটের এক চিরলড়াকু চরিত্রকে ঠিকমতো পড়ে উঠতে। সৌরভকে তো এমনিতেই বিশ্ব ক্রিকেট ‘কামব্যাক কিং’ বলেনি। প্রিয় ইডেনে ভারতের সফলতম অধিনায়ক রাতের আলোয় বের করে আনলেন সেই জেদি ক্রিকেটারকে, যিনি হারের আগে হার মানেন না।ফিফটি করার পর ম্যাচে একটা লড়াকু পুঁজিই তখন নিশ্চিত করতে পেরেছেন নাইটদের অধিনায়ক। আর যখন আউট হলেন, আইপিএলেই নিজের দ্বিতীয় সর্বোচ্চ রান করে ফেলেছেন। ইনিংসটাই বা কেমন! ৫৪ বলে ৮৮, স্ট্রাইক রেট ১৬৩। ৯টি চারের সঙ্গে ৫টি ছক্কা। বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝাকে এক ওভারে ৩টি ছক্কা মেরে ফিরিয়ে আনলেন স্পিনারদের সেই মৃত্যুদূতকে। ধারাভাষ্য কক্ষে বসে সুনীল গাভাস্কার প্রশংসায় ‘ষষ্ঠমুখ’, এই তো সেই ‘দাদা’। শুধু ব্যাটিং-শৌর্যেই পুরোনো দিনের সৌরভকে ফিরিয়ে এনেছিলেন বললে সবটা বলা হয় না। যেভাবে একটা প্রান্ত ধরে সতীর্থদের নিয়ে জুটি গড়ে দলকে ১৮১ রানের বড় পুঁজির দিকে নিয়ে গেছেন সেটিকে বলে দায়িত্ববোধ। ডেভিড হাসিকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েছেন সবচেয়ে বড় জুটি (৭৮ রান)। তাঁর এই ইনিংসই শেষ ৫ ওভারে ৬৫ রান তুলতে উদ্বুদ্ধ করেছে দলকে। পরে যখন ১৮২ রান তাড়া করে দুর্দান্ত গতিতে শুরু করেছে ডেকান, বিশেষ করে ‘গিবস ঝড়’কে থামানো যাচ্ছিল না, তখন শেন বন্ডকে ফিরিয়ে এনে আউট করলেন তাঁকে। কলকাতার শেষটা তাই হলো মধুর এক জয়ে।আর তাই শাহরুখ খান আবার সৌরভ-ভক্ত, তাঁর পুরো পরিবারের গ্যালারিতে আসাটা সার্থক। আসল কথাটা হলো, নাইটদের মালিক এখন সেমিফাইনাল দেখছেন। ষষ্ঠ স্থানে থাকা দলের সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান রেখে পঞ্চম স্থানে নাইটরা। সেমিফাইনালের লড়াইটা অনেকটাই উন্মুক্ত, সৌরভই বলছেন, ‘টুর্নামেন্টটা এখনো বেশ উন্মুক্ত, তবে জয়টা পেয়ে খুব ভালো হলো।’এখন দলের জন্য সর্বোচ্চ ভালোটা করতে হলে সৌরভকেই হাল ধরতে হবে। সেটি তিনি নিজে জানেন, আবার সবাই জানল, সৌরভের এখনও কিছু বাকি আছে! ওয়েবসাইট।