দাদি-ভক্ত আজারেঙ্কা
ম্যাচটা এতক্ষণে শেষই হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু বাজে আবহাওয়া বাধ্য করেছে আজারেঙ্কা-সেরেনা ফাইনালটা এক দিন পিছিয়ে দিতে। আজ রাতে হবে মহিলা এককের ফাইনালটি। আজ নিজের নাম সার্থক করে সেরেনার বিপক্ষে ‘ভিক্টরি’ ছিনিয়ে নিতে পারলে আজারেঙ্কার মতোই খুশি হবেন আরেকজন। তাঁর দাদিমা!অনেক টেনিস তারকারই কোচের ভূমিকা পালন করে তাঁর বাবা। মারিয়া শারাপোভার বাবা তো একসময় মেয়ের ছায়াসঙ্গীই ছিলেন। খবরদারি কিছুটা কমেছে বটে। কিন্তু মেয়ের পিছু লেগে আছেন এখনো। শুধু বাবা নন; টনি নাদালের মতো চাচাও আছেন। এমনকি জিয়াং শানের মতো স্বামী কোচের দেখাও মিলেছে। তাই বলে দাদিমা! আজারেঙ্কার অন্যতম পরামর্শক কিন্তু তাঁর দাদিই। আজারেঙ্কাকে দেখলে যেকোনো চঞ্চলা হরিণীর কথাই মনে পড়বে আগে। কিংবা প্রজাপতি। রঙিন ডানা মেলে ওড়েন কোর্টে। বেলারুশের ২৩ বছর বয়সী তরুণী গ্র্যান্ড স্লাম মাত্র একটাই জিতেছেন। এ বছর শুরুর অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু টেনিস কোর্টে বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকতার পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি তাঁরই অধিকারে। চলমান ইউএস ওপেনেও দারুণ খেলেছেন। যে শারাপোভাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম, সেই শারাপোভাকেই পরশু ৩-৬, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো উঠে এসেছেন ইউএস ওপেনের ফাইনালে। একটা জিনিস এখন কোর্টে প্রায় নিয়মিত—আজারেঙ্কার নাচ।ফাইনালে সেরেনার মতো প্রতিপক্ষ। একের পর এক প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে যে সেরেনা উঠে এসেছেন ফাইনালে। সেমিফাইনালেও যেমন পাত্তাই পেলেন না সারা এরানি (৬-১, ৬-২)। ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে সেরেনা। তার পরও ম্যাচের আগে নির্বিকার দেখাচ্ছিল আজারেঙ্কাকে। এই শান্ত থাকার শিক্ষাটাও নাকি দাদির কাছ থেকেই পেয়েছেন, ‘তিনি এখন নিজের জীবনটা অনেক উপভোগ করছেন। এখন তিনি অনেকটা সময় প্রকৃতির মধ্যে কাটান। তাঁকে আগের চেয়ে অনেক কম বয়সীও লাগে এখন দেখতে।’ এএফপি।