দাদিকে গোল উৎসর্গ করেন মেসি
জীবনে অনেক দুঁদে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন। কিন্তু এদিন লিওনেল মেসিকে দাঁড়াতে হলো অন্য রকম প্রশ্নকর্তাদের সামনে। এদিন মেসির সামনে ছিল ১২টি স্কুলের খুদে শিক্ষার্থীরা। পরশু বার্সেলোনার ন্যু ক্যাম্পে জাতিসংঘের জরুরি শিশু তহবিল (ইউনিসেফ) আয়োজন করে মেসির সঙ্গে খুদে শিক্ষার্থীদের ওই মিলনমেলার। ইউনিসেফের শুভেচ্ছাদূত তাতে স্পেনের শিক্ষার্থীদের কৌতূহল মিটিয়েছেন সরাসরি প্রশ্ন-উত্তর পর্বে। ভিডিও কলের মাধ্যমে আর্জেন্টিনা থেকেও এসেছিল কিছু প্রশ্ন।ফুটবলের প্রতি তাঁর ভালোবাসার ব্যাপারটি মেসি ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আমি ফুটবল খেলতে শুরু করেছিলাম, কারণ খেলাটি আমার ভালো লাগত। তবে এখন এটিই যেহেতু আমার পেশা, তার মানে কিন্তু এই নয়, আমি পেশার তাগিদ থেকেই খেলি। খেলাটা আমার এখনো আগের মতোই ভালো লাগে।’ ওয়েবসাইট।গোলের পর দেখা যায় দুই হাত ওপরের দিকে তুলে আকাশে তাকান? এমন উদ্যাপন কেন? কৌতূহল মেটালেন মেসি, ‘আমি গোলগুলো উৎসর্গ করি আমার দাদিকে। উনিই আমাকে ফুটবলে নিয়ে এসেছিলেন। কিন্তু এখন তো তিনি দেখতে পারেন না সেদিনের সেই আমি আজ কতদূর এগিয়ে গেছি। অবশ্য আমার মনে হয়, তিনি এখনো আমার, আমার পরিবারের পাশেই আছেন।’ মেসিও পাশে আছেন সুবিধাবঞ্চিত শিশুদের। পরশুর অনুষ্ঠানে ছিল সেই প্রত্যয়, ‘যদি সম্ভব হতো, আমি আমার জীবনের প্রতিটি গোলের বিনিময়ে সব শিশুর জন্য শিক্ষা, স্কুল, খাদ্য আর স্বাস্থ্য চেয়ে নিতাম।’ জানিয়েছেন তাঁর জীবনের সবচেয়ে বড় ‘গোল’-এর কথাও, ‘আমি চাই, শিশুমৃত্যুর হার কমে যাক। প্রতিদিন বিশ্বে অনূর্ধ্ব-৫ বছর বয়সী ২২ হাজার শিশু মারা যায়, যেটি কমিয়ে আনা খুবই সম্ভব।’ শিশুকল্যাণে ২০০৭ সাল থেকে আর্জেন্টিনায় কাজ করছে তাঁর ‘লিওনেল মেসি ফাউন্ডেশন’ও।