দানি আলভেস: দুঙ্গার ‘সব্যসাচী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের কোচ দুঙ্গা কোনো খেলোয়াড়ের একক নৈপুণ্যে বিশ্বাসী নন। তিনি মনে করেন, ১১ জন খেলোয়াড়ের সমন্বয়েই একটি দল সাফল্য পায়। ১১ জন খেলোয়াড়ই একটি দলে জন্য গুরুত্বপূর্ণ। তবে সেই দুঙ্গাই যখন তাঁর দলের কোনো খেলোয়াড়ের কথা বিশেষভাবে বলেন, তখন সেটাকে বিশেষ কিছু ভাবতেই হয়। এবারের বিশ্বকাপে ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণার সময় দুঙ্গার বাহবা পেয়েছেন রক্ষণসেনা দানি আলভেস। আলভেসকে একজন সব্যসাচী খেলোয়াড় আখ্যা দিয়ে দুঙ্গা বলেছেন, ‘দানি কোন স্থানে খেলবে সেটা বড় কথা নয়, সে আমাকে জানিয়ে দিয়েছে ওকে কৌশলমতো আমি যেকোনো স্থানেই খেলাতে পারি। ওর কাছে ব্রাজিলের হয়ে খেলাটাই বড় ব্যাপার।’দানি আলভেস বিশ্বকাপে ব্রাজিল দলের খুব বড় নাম না হলেও তিনি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই। গত বছরের কনফেডারেশনস কাপে প্রথম থেকে রাইট ব্যাক পজিশনে খেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে কোচ দুঙ্গা তাঁকে লেফটব্যাক হিসেবে খেলান। সেই ম্যাচে চমত্কার নৈপুণ্য প্রদর্শন করে আলভেস একটি গোলও করেন। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে কয়েকটি ম্যাচে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে দানি তাঁর যোগ্যতার প্রমাণ রেখেছেন।দানি আলভেস দলে কোন স্থানে খেলবেন, তাঁর জন্য সুবিধাজনক কোনটা হবে—এসব নিয়ে একেবারেই ভাবছেন না। তিনি ব্রাজিল দলের একজন সদস্য হতে পেরেই ভীষণ গর্বিত। তিনি বলেছেন, ‘আমার লক্ষ্য যেকোনো উপায়ে ব্রাজিলকে জিততে সহায়তা করা। আমি পরিশ্রম করতে ভালোবাসি। ’সাম্প্রতিক সময়ে নিজের পরিশ্রমী মানসিকতা দিয়ে ব্রাজিল সমর্থকদের মন জয় করে ফেলেছেন এই দানি আলভেস। অথচ কিছুদিন আগেও ব্রাজিলের অনেকেই তাঁর নামটি পর্যন্ত জানতেন না। তারকাখ্যাতিও তাঁর তেমন একটা পর্যায়ে ছিল না। ২০০৩ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে তৃতীয় সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছিলেন তিনি। তখন তিনি খেলতেন স্থানীয় এসপোর্তে ক্লাব বাহিয়ায়। সেখান থেকে অল্প দিনের মধ্যেই স্প্যানিশ ক্লাব সেভিলায় চলে যান। সেখানে নিজেকে প্রমাণ করেই অন্যান্য অভিজাত ইউরোপীয় ক্লাবগুলোর নজরে চলে আসেন। সেই পথ ধরেই দানি আলভেস এখন বিশ্বের অন্যতম অভিজাত ক্লাব বার্সেলোনায়। আলভেস ব্রাজিলের হয়ে খেলার জন্য প্রথম নির্বাচিত হন ২০০৬ সালের অক্টোবরে। প্রচণ্ড আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়ে খুব অল্প দিনের মধ্যেই দুঙ্গার মন জয় করে ফেলেছেন আলভেস। আলভেসের মধ্যে যেন নিজের ছায়াই দেখতে পেয়েছেন কার্লোস দুঙ্গা। গত কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের বিশাল জয়ে গোল করেই আলভেস রেখেছেন নিজের গুরুত্বের প্রমাণ।গত চারটি বছর সবকিছুই স্বপ্নে মতোই ঘটেছে আলভেসের জীবনে। তবে এসব নিয়ে একেবারেই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন দানি আলভেস। তিনি বলেছেন, ‘সবকিছু মাত্র শুরু হয়েছে। এখনো পথচলার অনেক বাকি।’ পথ চলতে গিয়েই আর কয়দিন পরেই খেলবেন বিশ্বকাপে। বিশ্বকাপ নিয়ে আলভেসের স্বপ্ন অনেকটাই বিস্তৃত। তিনি ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে চান, চান গোল করে বিশ্বকাপ জয়ে অবদান রাখতে। তিনি ভালো করেই জানেন, বিশ্বকাপ অনেক স্বপ্নের ক্ষেত্র প্রস্তুত করে। নিজেকে অনেক উঁচুতে তুলে ধরার এর চেয়ে বড় মঞ্চ আর হয় না।