রাতভর থেমে থেমে বৃষ্টি। তাতেই পাকিস্তানিদের মনে আশার বুদ্বুদ। রাতের বৃষ্টি যদি সিক্ত করে দিনের মরুকেও, তবেই তো বাঁচানো যায় টেস্ট! কিন্তু মরুর দিন-রাতের আবহাওয়ায় যেমন বিশাল ফারাক, তেমনি পাকিস্তানের রাতের আশাও উড়ে গেল দিনে। সকালে তবু গুমোট ছিল আকাশ, খেলা শুরু হলো ফ্লাডলাইট জ্বালিয়ে। সূর্যিমামার হাসিতে ক্রমেই ঝলমল চারপাশ, তাতে হাসলেন লঙ্কানরাও। একমাত্র প্রকৃতিই পারত লঙ্কানদের জয়বঞ্চিত করতে। প্রকৃতি বাগড়া না দেওয়ার পর আর আটকায় কে!
পাকিস্তানের শেষ ৩ উইকেট তুলে নিতে সময় লেগেছে ঘণ্টা খানেক। বৃষ্টি-বাগড়ার আশঙ্কা যেহেতু ছিল না, ১৩৭ রানের লক্ষ্য ছুঁতে তাড়াহুড়ো করেনি লঙ্কানরা। উদ্বোধনী জুটিতেই দুই লঙ্কান ওপেনার তুলে ফেলেন ১২৪। চা-বিরতির আগেই জয় ৯ উইকেটে। প্রথম ইনিংসের দুর্দান্ত সেঞ্চুরিটির জন্য ম্যাচসেরা মাহেলা জয়াবর্ধনে। ক্যারিয়ারের শুরু থেকেই যাঁর উত্তরসূরি বলা হতো তাঁকে, সেই অরবিন্দ ডি সিলভাকেও ছুঁলেন জয়াবর্ধনে। শ্রীলঙ্কার হয়ে এই দুজনের (১১ বার) চেয়ে বেশিবার ম্যাচসেরা হয়েছেন শুধু কুমার সাঙ্গাকারা (১৫) ও মুত্তিয়া মুরালিধরন (১৯)।
কালকের সকালটি ছিল শুধুই সুরাঙ্গা লাকমলের। দুর্দান্ত এই ইনসুইঙ্গারে সাতসকালেই ফিরিয়েছেন মূল বাধা হয়ে থাকা পাকিস্তান উইকেটকিপার সরফরাজ খানকে। শেষ দুটি উইকেটও দ্রুত তুলে নিয়ে লাকমল করেছেন ক্যারিয়ার-সেরা বোলিং। শ্রীলঙ্কার ১৩৭ রান তাড়া করা নিয়ে সংশয় কিছু ছিল না। দিমুথ করুনারত্নে আর কৌশল সিলভার শতরানের জুটি নিশ্চিত করেছে দাপুটে জয়। জুটিটি লঙ্কার জন্য এসেছে স্বস্তি হয়েও, ৪৭ ইনিংস পর উদ্বোধনী জুটিতে শতরান পেল শ্রীলঙ্কা! ১৬ জানুয়ারি থেকে শেষ টেস্ট শারজায়। তথ্যসূত্র: সনি সিক্স।