দাপটের সঙ্গে ফিরলেন সাকিব-মাশরাফি
নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়া মাঠে নেমে চিটাগং কিংসের বিপক্ষে ৫৪ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। তবে আজ দুর্দান্ত দাপটের সঙ্গে মাঠে ফিরেছেন সাকিব ও মাশরাফি। ব্যাট হাতে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলার পর বল হাতে তিনটি উইকেট নিয়েছেন সাকিব। মাশরাফি শিকার করেছেন দুইটি উইকেট। এঁদের পাশাপাশি এনামুল হকের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে রংপুর রাইডার্সকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস।জয়ের জন্য ২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৯ রানে শেষ হয় রংপুরের ইনিংস। আর আজকের এই জয় দিয়ে ৮ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে সিলেট রয়্যালসের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে আছে গতবারের শিরোপাজয়ীরা।সাকিব ও মাশরাফিকে ছাড়া চিটাগং কিংসের বিপক্ষে গত ম্যাচে বিপিএলের সর্বনিম্ন রানের (৮৮) ইনিংস খেলার লজ্জা পেতে হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরসকে। আর আজ এই দুজনকে নিয়ে মাঠে নেমে বিপিএলের দুই আসর মিলিয়ে সর্বোচ্চ রানের (২১৭) নতুন রেকর্ড গড়েছে মাশরাফি বাহিনী। ২১৮ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে যেভাবে ব্যাট চালানো দরকার, সেভাবেই শুরু করেছিলেন রংপুর রাইডার্সের দুই ওপেনার কেভিন ও’ব্রায়েন ও জুনায়েদ সিদ্দিকী। কিন্তু প্রথম পাঁচ ওভারের মধ্যে দলীয় ৩৯ রানের মাথায় এই দুইজনই ফেরেন সাজঘরে। ২০ রান করে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়েন কেভিন। ১৭ রান করে মাশরাফির শিকারে পরিণত হন জুনায়েদ। নিজের পরের ওভারে রংপুরের অধিনায়ক নাসির হোসেনের উইকেটটিও তুলে নেন মাশরাফি। ১৪ রান করে ফিরে যান রংপুরের অন্যতম প্রধান ব্যাটিং ভরসা নাসির। এরপর রংপুর শিবিরের দুঃস্বপ্নে পরিণত হন সাকিব আল হাসান। নিজের টানা তিন ওভারে তিনি সাজঘরে ফেরান শামসুর রহমান ও ডানজা হাট ও ক্যামেরন বোরগাসকে। অষ্টম উইকেটে ধীমান ঘোষ ও মোহাম্মদ শরিফের ৫৭ রানের জুটিটা হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে। মোহাম্মদ শরীফ ২১ রান করে আউট হলেও শেষপর্যন্ত ৩৬ রান করে অপরাজিত ছিলেন ধীমান ঘোষ।