দাপুটে জয়ে সমতায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচেই ফুলহাতা জার্সির ওপর পরেছিলেন পুলওভার। কাল সেই স্টিভেন ফিনকে দেখা গেল বোলিং করেই বাউন্ডারিতে গিয়ে আইস-জ্যাকেট গায়ে চাপাতে। দিল্লির হাড়কাঁপানো শীত থেকে কোচির ফোসকা পড়া গরম। হাজার মাইল দূরত্বের দুই শহরে আবহাওয়ার যতটা পার্থক্য, তার চেয়েও বড় পার্থক্য দেখা গেল যেন দুই দলের পারফরম্যান্সে। প্রথম ওয়ানডেতে ভারতে প্রায় ভুলে যাওয়া জয়ের স্বাদ পাওয়া ইংল্যান্ড কাল স্রেফ উড়ে গেল। ভারতের ১২৭ রানের দাপুটে জয়ে সিরিজে এখন সমতা।জয়ের ব্যবধানের চেয়েও মহেন্দ্র সিং ধোনিকে বেশি তৃপ্তি দেবে হয়তো দলের অলরাউন্ড পারফরম্যান্স। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে সিরিজ হারার পর এই সিরিজেও প্রথম ওয়ানডেতে পরাজয়ে চাপটা ছিল পাহাড়সম। মোহাম্মদ আজহারউদ্দিন দলটাকে বলেছিলেন ‘দিশাহীন’। সাবেক অধিনায়কের সঙ্গে দ্বিমত করার লোকও খুব বেশি ছিল না এক দিন আগে। কাল সব বিভাগেই দূরন্ত ভারত। টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা অবশ্য থাকলই, তবে এমন জয়ের দিনে ওসব কে মনে রাখে! ধোনি যেমন ম্যাচ শেষে হাসিমুখে বললেন, ‘সবাই দুর্দান্ত খেলেছে।’ ক্রমশ মন্থর হতে থাকা উইকেটে ২৮৫ রান তাড়া করা এমনিতেই ছিল কঠিন। শুরুতেই ইয়ান বেলের বিদায় আরও কঠিন করে দেয় কাজটি। এমন উইকেটে এত বড় স্কোর তাড়া করে ইংল্যান্ডকে জেতাতে পারতেন হয়তো একজনই। দারুণ কিছু শট খেলে ভারতের জন্য হুমকি হয়ে উঠছিলেনও সেই কেভিন পিটারসেন। কিন্তু ভুবনেশ্বরের দারুণ এক ইনসুইঙ্গারে ৪২ রানে বোল্ড পিটারসেন, এক বল পর কট বিহাইন্ড মরগান। তিন বলের মধ্যে দুই ম্যাচ উইনারের বিদায়েই কার্যত শেষ হয় ইংল্যান্ডের সম্ভাবনা। ভুবনেশ্বর এর আগে ফিরিয়েছেন কুককেও। এরপর বাকি কাজটুকু সেরেছেন দুই স্পিনার অশ্বিন-জাদেজা। কিপটে বোলিংয়ে দুই উইকেট নেওয়ার পর জাদেজার থ্রোতে রান আউটে শেষ ইংল্যান্ডের ইনিংস। ব্যাটিংয়েও ইংল্যান্ডের সর্বনাশ করেছেন ওই জাদেজাই। ডার্নবাখের করা ইনিংসের শেষ তিন বলে নিয়েছেন ১৪ রান (৪, ৪, ৬)! ধোনির সঙ্গে তাঁর ৬০ বলে ৯৬ রানের ষষ্ঠ উইকেট জুটিই মূলত ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। ইনিংসের মাঝামাঝি পর্যন্তও ধুঁকছিল ভারত। ফিন-ডার্নবাখের সুইং বোলিংয়ে শুরুতেই বোল্ড দুই ওপেনার। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি কোহলি-যুবরাজ। পঞ্চম উইকেটে ধোনি-রায়নার ৫৫ রানের জুটির পর ধোনি-জাদেজার তোলা ঝড়ে স্কোর ছাড়িয়ে গেল অধিনায়কের প্রত্যাশিত ২৫০-২৬০ রানকেও। শেষ পাঁচ ওভারেই এসেছে ৬৮! ওয়েবসাইট। দারুণ তৃপ্ত ধোনি ম্যাচ শেষে জানালেন পরের ম্যাচ নিয়ে রোমাঞ্চের কথা। ১৯ জানুয়ারির ওই ম্যাচ দিয়ে রাঁচির আন্তর্জাতিক অভিষেক, ঘরের ছেলে নেতৃত্ব দেবেন ভারতকে। রোমাঞ্চে থরথর হয়তো পুরো ঝাড়খন্ডই!