ত্রয়োদশ ওভারের চতুর্থ বলে বিশাল এক ছক্কা। মাইকেল লাম্বের ওই এক শটেই কালকের ওয়েলিংটন তিনটি সমাধান দেখল। পঞ্চাশ পেরোলেন এই ইংলিশ ওপেনার, নিউজিল্যান্ডের ১৩৯ রান টপকে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪৪ বল হাতে রেখে ১০ উইকেটে জিতল দল। এবং তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতে গেল ইংল্যান্ড। ৩৪ বলে ৫৩ রান, ৫টি ছক্কা। এর পরও লাম্ব কাল পার্শ্বচরিত্র। কিউই বোলারদের ধ্বংস করে নায়ক অ্যালেক্স হেলস। ৪২ বলে অপরাজিত ৮০, ৪ ছয়ের সঙ্গে ৯ চার। একাদশ ওভারে ম্যাকলেনাগনের টানা চার বলে চার-ছক্কায় ২২। ম্যাচসেরার পুরস্কার থাকলে সেটা হেলসের হাতেই উঠত। উদ্বোধনী জুটির ১৪৩, টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের নতুন রেকর্ড। আগের রেকর্ডেও আছে হেলসের নাম। ২০১১ সালে কিসওয়েটারে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটি গড়েছিলেন হেলস।এর আগে অধিনায়ক স্টুয়ার্ট ব্রড ও স্টিভেন ফিনের দারুণ বোলিং ও ফিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ১৩৯ রানে বেঁধে রাখে ইংল্যান্ড। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ব্রড। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়েছেন ফিন। কিউইয়ের পক্ষে পক্ষে সর্বোচ্চ ৫৯ রান (৫৫ বলে) করেছেন মার্টিন গাপটিল। আগামীকাল হ্যামিল্টনের ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এএফপি, রয়টার্স। সংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৯/৮ (রাদারফোর্ড ১১, গাপটিল ৫৯, ব্রেন্ডন ম্যাককালাম ২৬, টেলর ৬, এলিয়ট ১৫, মানরো ১, ফ্র্যাঙ্কলিন ১৫, নাথান ম্যাককালাম ০, বাটলার ১*; ফিন ০/১৮, ব্রড ৩/১৫, ডার্নব্যাখ ৩/৩৬, রাইট ০/১৯, ট্রেডওয়েল ১/৩১, রুট ১/১৫)। ইংল্যান্ড: ১২.৪ ওভারে ১৪৩/০ (লাম্ব ৫৩*, হেলস ৮০*; বোল্ট ০/২০, ম্যাকলেনাগন ০/৩৮, বাটলার ০/৪১, নাথান ম্যাককালাম ০/৩২, ফ্র্যাঙ্কলিন ০/৭)। ফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী।