দাবা অলিম্পিয়াডে ছেলেরা ৭৬, মেয়েরা ৭৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজারবাইজানের বাকুতে বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের চূড়ান্ত অবস্থান খুব একটা উৎসাহব্যঞ্জক নয়। পুরষ দল আজ শেষ রাউন্ডে কাতারের কাছে ১.৫-২.৫ পয়েন্টে হেরে ১৮০টি দেশের মধ্যে ৭৬তম হয়েছে। শেষ রাউন্ডে বাংলাদেশের একমাত্র জয়টি পেয়েছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন, ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব। দশম রাউন্ডে মোনাকোর বিপক্ষে সহজ জয়ে (৩.৫-০.৫) ৭৪ থেকে নিয়াজ-জিয়াদের বাংলাদেশ দল এক লাফে উঠে আসে ৫৬তম স্থানে। সেখান থেকে এক লাফে নেমে যেতে হলো ২০ ধাপ। 

নবম রাউন্ড শেষে মহিলা দলের অবস্থান ছিল ৫৩তম। কিন্তু শেষ দুই রাউন্ডে হেরে ওই অবস্থান আর ধরে রাখা যায়নি। আজ শেষ রাউন্ডে কিরগিজস্তানের কাছে ১.৫-২.৫ পয়েন্টে হেরে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের মহিলা দলের অবস্থান ৭৭তম। শেষ রাউন্ডে একমাত্র জয় পেয়েছেন শারমিন শিরিন। ড্র করেছেন রানি হামিদ। দশম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের কাছে ০.৫-৩.৫ পয়েন্টে হার ছিল আরও বড়। একমাত্র ড্রটি করেন রানি হামিদ।