দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের দ্বিতীয় জয়
দাবা অলিম্পিয়াডে দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল। কাল মোজাম্বিকের বিপক্ষে চার বোর্ডেই জিতেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, এনামুল হোসেন রাজীব ও আবদুল্লাহ আল রাকিব। হতে পারে, দুর্বল প্রতিপক্ষ বলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়, উপমহাদশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ খেলেননি। এর আগে পুরুষ দল পাপুয়া নিউগিনির (৪-০) বিপক্ষে জিতলেও পরের দুই রাউন্ডে হেরেছে আর্মেনিয়া (০-৪) ও বেলারুশের (১-৩) কাছে। কাল তাজিকিস্তানের বিপক্ষে মহিলা দলটি ২.৫-১.৫ পয়েন্টে জিতেছে। নাজরানা খান ও মাহমুদা হক হারিয়েছেন ইলহম মুত্রিবাই ও সাওদাত অদিনায়েভাকে। শিরিন সুলতানা ড্র করেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার নাদেজদা আন্তোনোভার সঙ্গে। তবে হেরে গেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। এর আগে মহিলা দল চীন (০-৪) ও সুইজারল্যান্ডের (১.৫-২.৫) কাছে হারলেও জিতেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে (৪-০)।