দাবা অলিম্পিয়াডে হংকংকে হারিয়েছে বাংলাদেশ
বিশ্ব দাবা অলিম্পিয়াডে অষ্টম রাউন্ডে বাংলাদেশ দল দক্ষিণ কোরিয়াকে গুঁড়িয়ে দিয়েছিল ৪-০ ব্যবধানে। তবে জয়ের ধারা থেকে ছিটকে গতকাল নবম রাউন্ডে বাংলাদেশের পুরুষ দল ক্রোয়েশিয়ার কাছে হেরেছে আড়াই-দেড় পয়েন্টে। তবে আগের রাউন্ডে অস্ট্রিয়ার কাছে হেরে যাওয়া মেয়েদের দল হংকংকে ৩-১ ব্যবধানে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে।
এ রাউন্ডে জিতেছেন শামীমা আক্তার, রানি হামিদ ও জাকিয়া সুলতানা। হেরেছেন শারমিন শিরিন। পুরষ বিভাগে জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ড্র করেছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন।
পুরুষ উন্মুক্ত বিভাগে ১১ রাউন্ডের সুইস পদ্ধতির এই প্রতিযোগিতার নয় রাউন্ড শেষে বাংলাদেশের অবস্থান ৭৪তম। বাংলাদেশ দল জিতেছে সান মেরিনো (৪-০), জর্ডান (৩.৫-০.৫), আলবেনিয়া (৩.৫-০.৫), দক্ষিণ কোরিয়ার সঙ্গে (৪-০)। হেরেছে নরওয়ে (১.৫-২.৫), জার্মানি (০.৫-৩.৫), সার্বিয়া (১-৩) ও ক্রোয়েশিয়ার কাছে। আরব আমিরাতের সঙ্গে ২-২ ড্র। ৩৬ পয়েন্টের মধ্যে লাল সবুজের দলের সংগ্রহ ২১.৫। ১৮০টি দেশের মধ্যে সবার ওপরে যুক্তরাষ্ট্র।
মেয়েদের বিভাগে নয় রাউন্ড শেষে বাংলাদেশ অবস্থান ৫৩ নম্বরে। জয় এসেছে সুদান (৪-০), উরুগুয়ে (২.৫-০.৫), মরক্কো (৪-০), জর্ডান (৩-১) ও হংকংয়ের সঙ্গে। হার ভিয়েতনাম (১-৩), তুরস্ক (০-৪), মলদোভা (১.৫-২.৫), ও অস্ট্রিয়ার কাছে (১.৩-২.৫)। পয়েন্ট ২০.৫।