দাবা অলিম্পিয়াডে হারের দিন
৪১তম দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে হেরেছে বাংলাদেশের দুটি দলই। পরশু নরওয়ের ট্রুমসায় উন্মুক্ত বিভাগে ১-৩ পয়েন্ট শক্তিশালী ইউক্রেনের কাছে পুরুষ দল এবং ০.৫-৩.৫ পয়েন্টে সুইজারল্যান্ডের কাছে হেরেছে মেয়েদের দল। উন্মুক্ত বিভাগে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন রুসলান পোনোমারিওভের সঙ্গে এবং গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সাবেক বিশ্ব রানারআপ ভাসেলি ইভানচুকের সঙ্গে ড্র করেছেন। তবে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও এনামুল হোসেন রাজীব হেরে গেছেন। চার রাউন্ড শেষে উন্মুক্ত বিভাগে ৫ ম্যাচ পয়েন্ট ও ৯ গেম পয়েন্ট নিয়ে ৪৯ নম্বরে ছিল বাংলাদেশ পুরুষ দল।
পরশু মেয়েদের বিভাগে দুই আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শামিমা আক্তার লিজা ও ফিদে মাস্টার নজরানা খান হেরেছেন। ড্র করতে পেরেছেন শুধু ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন। চার রাউন্ডে ৪ ম্যাচ পয়েন্ট ও ৯ গেম পয়েন্ট নিয়ে ৮৪ নম্বরে বাংলাদেশের মেয়েরা।