দাবা প্রতিভার খোঁজে টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোগটা ব্যতিক্রমী। তৃণমূল পর্যায় থেকে খুদে প্রতিভাবান দাবাড়ু খুঁজে বের করতে দাবা টুর্নামেন্টের আয়োজন করেছে ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজ।‘ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজ চেস চ্যালেঞ্জ’ নামের এই টুর্নামেন্ট শুরু ২০ নভেম্বর। খেলা হবে আগারগাঁওয়ের এই স্কুলেই। অনূর্ধ্ব-১৪ বছর বয়সী স্কুল ছাত্রছাত্রীদের জন্য এই টুর্নামেন্টে রেটেড খেলোয়াড়েরা অংশ নিতে পারবে না। পুরস্কার তিন লাখ টাকা, যা স্কুল দাবা প্রতিযোগিতায় সর্বোচ্চ। দলগত ইভেন্টে একই স্কুলের পাঁচজন করে একাধিক দল অংশ নিতে পারবে। দলগত চ্যাম্পিয়ন পাবে এক লাখ টাকা। এককে চ্যাম্পিয়ন ৫০ হাজার।পৃষ্ঠপোষকতা করছে ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজ এবং বিপিএলের দল দুরন্ত রাজশাহী। সহযোগিতায় অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি)। কাল অলিম্পিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যোগটাকে সাধুবাদ জানালেন এসিপিবির সভাপতি গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। নাম নিবন্ধনের শেষ তারিখ ১৯ নভেম্বর। নাম জমা দেওয়ার জন্য ০১৭৫৫৫৬০৭০০, ০১৯১১১১১৭৫৫ ও ০১৬৭৬৩৪৫২৩১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।আবারও ল্যাপটপ পাচ্ছেন সাগর: চা বিক্রি করে জীবন চালানো মোহাম্মদ সাগর জুনিয়র দাবায় টানা দ্বিতীয়বার রানারআপ হয়েছেন। প্রথমবার রানারআপ হওয়ার পর তাকে একটি ল্যাপটপ উপহার দিয়েছিলেন ডিনেটের নির্বাহী পরিচালক গবেষক অনন্য রায়হান। গত সেপ্টেম্বরে সাগরের ল্যাপটপটি চুরি হয়ে যায়। প্রথম আলোয় এ সম্পর্কিত সংবাদ ছাপা হয়েছিল গত ১৫ অক্টোবর। ওই সংবাদ পড়ে সাগরকে নতুন একটি ল্যাপটপ দেওয়ার ঘোষণা দিয়েছেন দুরন্ত রাজশাহী ক্রিকেট দলের মালিক মুশফিকুর রহমান। কাল ব্রাইট ফিউচার স্কুল দাবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাগরকে নতুন একটি ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার আবাসন-সংকটেরও সমাধান করব। ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রমে দাবাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে তাকে দাবা প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। সাগরকে মাসে ৫ হাজার করে টাকাও দেওয়া হবে।’