দাবা ফেডারেশনে জুয়ার আসর!
দাবা ফেডারেশনে এর আগেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরে ফেডারেশনের অফিস সহকারী কৌশিক রিগান আহমেদ দাবাড়ু জয়নাল আবেদিনকে পেপারওয়েট ছুড়ে মেরেছিলেন। দাবা ফেডারেশনে আবারও ঘটল মারামারির ঘটনা। পরশু গভীর রাতে দাবাড়ু সব্যসাচী মণ্ডল শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন আরেক দাবাড়ু মনজুরুল করিমকে। অভিযোগ রয়েছে, দাবার বোর্ডে তখন আসলে চলছিল জুয়া খেলা!পরশু রাতে সব্যসাচী দাবা খেলছিলেন আবদুর রউফের সঙ্গে। কিন্তু একপর্যায়ে পাশে বসে থাকা আরেক দাবাড়ু মনজুরুল করিম রউফের একটি চালে সাহায্য করতেই রেগে যান সব্যসাচী। রাগের মাথায় মনজুরুলের নাকে-মুখে ঘুষি বসিয়ে দেন। সব্যসাচী অবশ্য কাল বিষয়টিকে নিছক ভুল বোঝাবুঝি বলেই চালিয়ে দিতে চাইলেন, ‘আমাদের বন্ধুবান্ধবের মধ্যে এটা ভুল বোঝাবুঝির একটা ঘটনা। বিষয়টি তখনই আমরা মিটমাট করে ফেলেছি।’ কিন্তু মনজুরুলের মুখ থেকে শোনা গেল অন্য কাহিনি, ‘দাবায় বাজি ধরে জুয়া খেলা চলছিল তখন। রউফকে তখন একটি ভালো চাল বলে দিলে সব্যসাচী আমাকে আঘাত করে বসে। আমার কাছে সে ক্ষমা চাইলেও আমি সন্তুষ্ট নই।’ টাকা দিয়ে জুয়া খেলার বিষয়টি অবশ্য উড়িয়ে দিয়েছেন সব্যসাচী, ‘আমি কখনোই টাকা দিয়ে দাবা খেলি না।’ মনজুরুলসহ আরও কয়েকজন দাবাড়ুর অভিযোগ, দাবা ফেডারেশনে রাত নামলেই দাবার নামে জুয়ার আসর বসে। এবং এই খেলার জন্য দাবার ঘড়ি সরবরাহ করেন খোদ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন। তবে মোকাদ্দেস পরশুর এ ঘটনা কিছুই জানেন না বলে দাবি করেছেন, ‘আমি রাত আটটার পরপরই ফেডারেশন থেকে বেরিয়ে এসেছি। এরপর কী হয়েছে জানি না। তবে মারামারির কোনো ঘটনা ঘটলে অন্তত কেউ আমাকে অভিযোগ করত। সেটাও আমার কানে আসেনি।’ ঘড়ি সরবরাহের ব্যাপারে ফেডারেশন সম্পাদকের কথা, ‘এখানে যারা আসে সবাই আমার বন্ধু ও পুরোনো দাবাড়ু। দাবা খেলতে ঘড়ি চাইলে আমি না করতে পারি না।’