দাবা ফেডারেশনে পুকুরচুরি
>

অনিয়ম কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্যের চোখে ধরা পড়ায় গত বছর ডিসেম্বরে তিন সদস্যবিশিষ্ট একটি হিসাব নিরীক্ষণ কমিটি গঠন করে ফেডারেশন। ওই কমিটির তদন্তেই উঠে এসেছে গত দুই বছরের নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতি
আয় ও সাফল্য—দুই দিক দিয়েই দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে এগিয়ে ক্রিকেট। একদা জনপ্রিয়তম খেলা ফুটবলকেও সে ঠেলে ফেলেছে পেছনে। ফুটবলেও অর্থসংকট আছে, কিন্তু একেবারেই দীনহীন অবস্থা নয়। সেই তুলনায় বাকি ক্রীড়া ফেডারেশনগুলো অসচ্ছল। আন্তর্জাতিক অঙ্গন থেকে যথেষ্টই সুনাম কুড়ানো দাবাও এই তালিকার একটি। টাকার দোহাই পেড়ে দাবাড়ুদের জন্য কোনো বিদেশি কোচ আনা হয় না। নেওয়া হয় না দীর্ঘমেয়াদি অনুশীলনের উদ্যোগ। অথচ এই দৈন্যের মধ্যেই দাবা ফেডারেশনে কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে পুকুরচুরির অভিযোগ।
ঘটনাটা তিন বছর আগের। দাবার নতুন নির্বাচিত কমিটি দায়িত্ব নিয়েই এক ছাতার নিচে আনতে পেরেছিলেন পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তার, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীবকে। ফেডারেশন তুরস্কে ৪০তম দাবা অলিম্পিয়াডে খেলতে পাঠায় এই পাঁচ শীর্ষ দাবাড়ুকে। কিন্তু তাঁরা একসঙ্গে অনুশীলন করে যেতে পারেননি। কোনো কোচ ছিল না তাঁদের। কারণ কী? আর্থিক অনটন। কিন্তু ওই সফরেরই বাজেট থেকে ৯ লাখ টাকা উধাও। শুধু এটাই নয়, ২০১২-১৩ অর্থবছরের হিসাব এবং নরওয়েতে অনুষ্ঠিত ৪১তম দাবা অলিম্পিয়াডের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষায় ধরা পড়েছে প্রায় সাড়ে ৩১ লাখ টাকার গরমিল!
এই অনিয়ম কার্যনির্বাহী কমিটির কয়েকজন সদস্যের চোখে ধরা পড়ায় গত বছর ডিসেম্বরে তিন সদস্যবিশিষ্ট একটি হিসাব নিরীক্ষণ কমিটি গঠন করে ফেডারেশন। ওই কমিটির তদন্তেই উঠে এসেছে গত দুই বছরের নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতি। ৯ নভেম্বর এই কমিটি তাদের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তুলে দেন ফেডারেশনের সভাপতি র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের হাতে। তবে এই প্রতিবেদন পাওয়ার পরও বিষয়টির অধিকতর তদন্ত করতে বেনজীর আহমেদ আরেকটি কমিটি গঠন করেন। ফেডারেশনের তিন সহসভাপতি শাহাবুদ্দিন শামীম, এ কে এম শহীদুল্লাহ ও জাহাঙ্গীর ইসলামকে নিয়ে গড়া এ কমিটির আরেকটি প্রতিবেদন দেওয়ার কথা শিগগিরই।
এই আর্থিক নয়ছয় আর দুর্নীতির অভিযোগ উঠেছে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক এবং কোষাধ্যক্ষ মীর আহমেদ হোসেনের বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ইস্তাম্বুলের দাবা অলিম্পিয়াডের বিমান টিকিট কেনা, ভিসা ফি বেশি দেখিয়ে নানা হিসাবের গরমিল। ব্লেজার কেনা, এমনকি নন-জুডিশিয়াল স্ট্যাম্প কেনার মতো ছোটখাটো খাতেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কায় এশিয়ান যুব দাবায় পাঠানো দলের বিমান টিকিট কেনা, পকেটমানি, পোশাকের বিল ও সংবাদ সম্মেলনের বিলে কারচুপি হয়েছে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের বিমান টিকিট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস দিলেও ক্যাশ বইয়ে সেটির উল্লেখ নেই। দুবাইয়ে বিশ্ব সিটি দাবায় খেলতে যাওয়ার বিমান টিকিট ও নাম নিবন্ধন ফি বাবদ বেশি খরচ দেখানো হয়েছে। ২০১৩ জাতীয় মহিলা দাবা আয়োজনের হিসেবেও ধরা পড়েছে গরমিল। সেখানে সহসভাপতি শাহাবুদ্দিন শামীমের দেওয়া ১ লাখ টাকার স্পনসর মানি হিসাবের খাতায় জমাই পড়েনি। স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবায় ভুয়া ভাউচার দেখিয়ে বিল তোলা হয়েছে প্রায় সাড়ে ২৬ হাজার টাকা। অষ্টম বাংলাদেশ গেমসেও প্রায় ৯২ হাজার টাকার অনিয়ম ধরা পড়েছে। কর্মকর্তা-কর্মচারীদের উৎসব ভাতা ও বেতন দেওয়ার ক্ষেত্রেও অসংগতি খুঁজে পেয়েছে এই কমিটি। নরওয়ের ট্রমসোতে ৪১তম দাবা অলিম্পিয়াডে যাওয়ার সময় বিমান টিকিট, পকেটমানি, ফটোকপি, সংবাদ সম্মেলনসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে সর্বোচ্চ ব্যয় দেখানো হয়েছে ৪১ লাখ ৮৩ হাজার ৩৯৫ টাকা। কিন্তু হিসাব নিরীক্ষণ কমিটির তদন্তে এতে ধরা পড়েছে প্রায় ১২ লাখ ২৪ হাজার টাকার কারচুপি।
বর্তমান কমিটি দায়িত্ব নিয়েই ফেডারেশনের ১৩ লাখ টাকার এফডিআর (স্থায়ী আমানত) ভেঙে ফেলেছে। বিভিন্ন সময় স্পনসর প্রতিষ্ঠান থেকে পাওয়া টাকা কার্যনির্বাহী কমিটির অনুমতি ছাড়াই সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ যৌথ স্বাক্ষরে তুলে নিয়েছেন। সব মিলিয়ে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের কাছে ফেডারেশনের পাওনা প্রায় সাড়ে ৩১ লাখ টাকা, যা দ্রুতই ফেরত দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
এই আর্থিক অনিয়ম ও দুর্নীতি সম্পর্কে জানতে চাইলে সাধারণ সম্পাদক সাইফুল তারেক সব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, নির্বাচনের আগে ফেডারেশনের আরেকটি পক্ষের কাদা ছোড়া ছাড়া আর কিছু নয় এটি। এসব যাঁরা করেছেন তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন সাইফুল তারেক, ‘এসব অভিযোগ মিথ্যা। আমার কাছে সব হিসাবের কাগজপত্র আছে। এনএসসিতে অডিট রিপোর্ট জমাও দিয়েছি। তা ছাড়া বিভিন্ন সময়ে যেসব অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে সেগুলোর জন্য দায়ী সংশ্লিষ্ট ওই সাব-কমিটি। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’