দাবা লিগে এসেই সেরা সাইফ স্পোর্টিং
নবাগত সাইফ স্পোর্টিং, নাকি গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব? কারা হবে এবারের প্রিমিয়ার দাবা লিগে চ্যাম্পিয়ন? এই দুই দলের লড়াইয়ে জয়ী দলই চ্যাম্পিয়ন হবে, এমনটাই ধরে নেন সবাই। সেই লড়াইয়ে পরশু ৩-১ পয়েন্টে জয়ী সাইফ স্পোর্টিং।
সাইফের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ওই দিন হারিয়ে দেন শেখ রাসেলের ২৬০০-এর বেশি রেটিংধারী তাজিকিস্তানের গ্র্যান্ডমাস্টার এমোনাতভ ফারুককে। ওই জয়েই চ্যাম্পিয়নশিপ অনেকটা নিশ্চিত হয়ে যায় সাইফের।
শেষ রাউন্ডে কাল দলটির প্রয়োজন ছিল ড্র। নৌবাহিনীর সঙ্গে কাল ড্র-ই করেছে তারা (২-২)। ৯ রাউন্ডে ১৭ পয়েন্ট পাওয়া সাইফের এই সাফল্যের পেছনে বড় অবদান চীনা গ্র্যান্ডমাস্টার বু জিয়াং ঝির। ছয় ম্যাচ খেলে সব কটিই সহজে জিতেছেন ২৭০৫ রেটিংধারী এই সুপার গ্র্যান্ডমাস্টার। শেষ রাউন্ডে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এ রাউন্ডে ছিলেন না সাইফের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও।
তবে প্রয়োজনীয় ড্রটি তুলে নিয়েছেন রাশিয়ার ২৬৩৭ রেটিংধারী গ্র্যান্ডমাস্টার আলেক্সি গোগানোভ, বাংলাদেশের আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীবরা। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের দল শেখ রাসেল রানার্সআপ হয়েছে ১৬ পয়েন্ট নিয়ে। নৌবাহিনী তৃতীয়।
এই প্রথম দাবা লিগে খেলা হয়েছে ডিজিটাল বোর্ডে, যা সরাসরি অনলাইনে দেখার সুযোগ ছিল। জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারে লিগের ভেন্যুতে ম্যাচগুলো দেখানো হয়েছে বড় পর্দায়। আধুনিকতার পথে পা বাড়িয়েছে বাংলাদেশের দাবা!