দাবা লিগে তিন বিদেশি
একসময় প্রিমিয়ার দাবা লিগে অনেক বিদেশি খেলোয়াড় আনত ক্লাবগুলো। কিন্তু কয়েক বছর ধরে এই ধারাটা বেশ নিম্নমুখী। সর্বশেষ দুই মৌসুমে শুধু মোহামেডানই এনেছে বিদেশি দাবাড়ু। গতবার তারা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে, জর্জিয়ার দুই গ্র্যান্ডমাস্টার মিখাইল ম্যাকদেলিশভিলি ও মেরাব গাগুনাশভিলি তাতে রেখেছেন বড় অবদান। এবারও ওই দুই বিদেশিকে নিয়ে এসেছে মোহামেডান।
ম্যাকদেলিশভিলির রেটিং ২৬২২, গাগুনাশভিলির ২৫৬৯। লিওনাইন চেস ক্লাবও এবার একজন গ্র্যান্ডমাস্টার এনেছে। স্পেনের তরুণ গ্র্যান্ডমাস্টার অ্যানটন গুইহারো ডেভিডের রেটিং ২৬০৭।
বিওএর মিডিয়া সেন্টারে ১০ দল নিয়ে আজ শুরু প্রিমিয়ার দাবা লিগ, পৃষ্ঠপোষক ওয়ালটন। স্থানীয় কয়েকজন খেলোয়াড়ের নর্ম করার সুযোগ আছে এই লিগে। সেই সুযোগটা তাঁরা নেবেন বলে কাল আয়োজিত সংবাদ সম্মেলনে আশাবাদ রেখেছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল তারেক।
একই আশাবাদ দেশের শীর্ষ খেলোয়াড়দেরও। তাঁদের মধ্যে নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান খেলছেন মোহামেডানে। নৌবাহিনীতে আছেন আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। এই চার গ্র্যান্ডমাস্টার খেললেও এবারও লিগে নেই আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার।