দাবা লিগের শুরুতেই অব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। রীতিমতো ঘামছেন সব দাবাড়ু। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের চিৎকার, ‘এসব দেখার কি কেউ নেই?’ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনকে বললেন, ‘আমরা কি ঘেমে ঘেমে খেলব? তাহলে আর সাড়ে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল দেওয়া কেন?’ অসহায় চোখে তাকিয়ে রইলেন মোকাদ্দেস। খোঁজ নিয়ে জানলেন, এসির দূরনিয়ন্ত্রণ যন্ত্র (রিমোট) নেই। কাল থেকে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ শুরু হলো এমন হ-য-ব-র-ল দিয়েই।আমন্ত্রিত অতিথিরা বসে আছেন, কিন্তু খেলা শুরু হচ্ছে না। অগোছালো অনুষ্ঠানে সঞ্চালকের ভুলভাল উপস্থাপনাও ছিল দৃষ্টিকটু। ঘরোয়া দাবার শীর্ষ লিগ, বাংলাদেশের তিনজন গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ভারতেরও দুজন গ্র্যান্ডমাস্টার খেলছেন বিভিন্ন দলের হয়ে। অথচ কোথাও একটা ব্যানার পর্যন্ত নেই প্রতিযোগিতার। অবশেষে ঘণ্টা খানেক পর জোগাড় করে আনা হলো ব্যানার। খেলা শুরু হওয়ার কথা ছিল পরশু। কিন্তু ফেডারেশন স্পনসর জোগাড় করতে ব্যর্থ হওয়ায় পেছায় তা এক দিন। শেষ পর্যন্ত অনেকটা দৈবক্রমে স্পনসর হিসেবে পাওয়া গেছে অনির্বাণ-আর্টিসানকে। তবে কালও লিগ শুরু হলো নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর।অনেক দিন বাদে দাবায় ফেরা মোহামেডান এবার শক্তিশালী দল গড়েছে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও ভারতের অভিজিৎ গুপ্তকে নিয়ে। তিতাস এনেছে ভারতের আরেক গ্র্যান্ডমাস্টার দীপ সেনকে।কাল একই সঙ্গে শুরু হয়েছে মেয়েদের জন্য বেগম লায়লা আলম উন্মুক্ত রেটিং টুর্নামেন্ট। টুর্নামেন্ট উদ্বোধন করেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও সাংসদ তারানা হালিম।