দাবায় তুরস্কের লাল সংকেত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১২ সেপ্টেম্বর তুরস্কে শুরু হবে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে তাতে অংশ নেবেন জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন ইকরামুল হক (সিয়াম)। এমনিতেই স্পনসরের অভাবে সেখানে যাওয়া নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে নটর ডেম কলেজের ছাত্রের। কিন্তু কাল শুনলেন আরেকটি দুঃসংবাদ। বাংলাদেশ থেকে কোনো দাবাড়ু তুরস্কে যেতে পারবেন না!
কাল ঢাকার তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা এমনটিই বলেছেন সিয়ামকে। এতে খুব মুষড়ে পড়েছেন সিয়াম, ‘আমি এম্বাসিতে গিয়ে আবেদন করার পর ওরা আমাকে জানাল দাবা ফেডারেশন তুরস্কের কালো তালিকার মধ্যে আছে। তারা বলেছে, এর আগে তুরস্কে গিয়ে অনেক দাবাড়ু পালিয়েছে। তাই কোনো দাবাড়ুকে ভিসা দেওয়া হবে না।’
তাই যদি হবে গত বছর বাংলাদেশের ১৫ সদস্যের একটি দল তুরস্কে গিয়ে ৪০তম দাবা অলিম্পিয়াডে খেলে এল কী করে? এ ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেকের ব্যাখ্যা, ‘তুরস্কের ভিসা নিতে ওই সময়ও সমস্যা হয়েছিল। একেবারে শেষ মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তদবির করে গিয়েছিলাম ইস্তাম্বুলে। কিন্তু খেলা শেষে সবাই দেশে ফিরেছিল।’ সিয়ামকে তুরস্কে যাওয়ার ব্যাপারে অবশ্য আশ্বাসই দিচ্ছেন সাইফুল, ‘এখনো অনেক সময় আছে। আশা করছি, সিয়ামের সমস্যা হবে না। আমাদের পক্ষ থেকে ওকে যত রকম সহযোগিতা করার, সবই করব।’