দাবার জোড়াতালির সংসার
ছোট একটা কক্ষ। একপাশে স্তূপ করে রাখা পুরোনো সংবাদপত্র। তার ওপরে রাখা অকেজো প্রিন্টারের যন্ত্রাংশ। একপাশে রাখা বেশ কয়েকটি হার্ডবোর্ড। আরেক পাশে বাজার করার চটের থলে। বাইরে চলছে রাজনৈতিক সভা-সমাবেশ। মাইকে ভেসে আসছে উঁচু স্বরে বক্তৃতা। কানে আসে ব্যস্ত রাস্তার গাড়ির হর্ন।এরই মধ্যে গভীর মনোযোগে দাবার চাল দিতে ব্যস্ত দুই দাবাড়ু। কাল বিকেলে দাবা ফেডারেশনে গিয়ে দেখা গেল এমন দৃশ্য। মুক্তিযোদ্ধা মুফতি কাসেদ আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে গাদাগাদি করে খেলছেন দাবাড়ুরা। স্থান সংকুলান না হওয়ায় অনেক খেলোয়াড়ের ঠাঁই হয়েছে ফেডারেশনের স্টোর রুমে।এক টুকরা জায়গায় এভাবে অনেক দিন ধরেই খেলতে হচ্ছে দাবাড়ুদের। উপচে পড়া ভিড় সামলাতে না পেরে কাল মূল কক্ষে বসানো হলো ৮৪ জন খেলোয়াড়কে। ফেডারেশনে ঢোকার মুখে ছোট কক্ষে খেলছেন ছয়জন। টয়লেটের পাশের কক্ষে ১০ জন, অফিস রুমে আরও চারজন। এর পরও ২০ জন দাবাড়ুকে অপেক্ষায় থাকতে হয় এক ঘণ্টা। কেউ ওয়াকওভার দিলে বা কারও খেলা শেষ হলে তবেই খেলা শুরু করতে হয় বাকিদের।জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পুরোনো ভবনে এখন দাবা ফেডারেশন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠার সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটি মাত্র কক্ষে চলত সব কার্যক্রম। মাঝে দুবার ফেডারেশনের স্থান বদল হয়েছে। কিন্তু ভাগ্য বদলায়নি দাবাড়ুদের। ঝকঝকে ক্রীড়া পরিষদের টাওয়ারে ফেডারেশনগুলোকে জায়গা দেওয়ার কথা ছিল, কিন্তু আজও দেওয়া হয়নি। এ কারণে দাবার সমস্যাটা রয়েই গেছে এবং আরও বাড়ছে।সমস্যার তালিকাটা বেশ লম্বা। একটা মাত্র টয়লেটে পুরুষ ও মহিলা দাবাড়ুরা একই সঙ্গে যেতে পারেন না। মহিলা দাবাড়ুরা বিব্রত হন। কর্মকর্তাদের বসার স্থায়ী জায়গা নেই। আরবিটারদের ছোটাছুটি করে কাজ করতে হয়।গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান বললেন, ‘এভাবে দাবা খেলা সত্যিই কষ্টকর।’ আরেক গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিবের কথা, ‘আমাদের একটা স্থায়ী কক্ষ দরকার। এমন পরিবেশে দাবা এগিয়ে নেওয়া সম্ভব নয়। এসব কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি।’আন্তর্জাতিক টুর্নামেন্ট কয়েক বছর ধরে হয় না বললেই চলে। উদ্যোগ নিলেও বড় চিন্তা, খেলা কোথায় হবে? সাম্প্রতিক সময়ে লিগ হয়েছে কখনো বিওএ ভবনে, কখনো ক্রীড়া পরিষদ টাওয়ারে। এনএসসি টাওয়ারে খেলতে আবার টাকা লাগে! শীতাতপ নিয়ন্ত্রণ ছাড়া প্রতিদিন কক্ষ ভাড়া দিতে হয় তিন হাজার টাকা, আর শীতাতপ ব্যবস্থা রাখলে পাঁচ হাজার টাকা! ১০-১২ দিনের একটা টুর্নামেন্ট হলে ফেডারেশনের অবস্থা হয়ে পড়ে শোচনীয়। এত টাকা তো দাবা ফেডারেশনের নেই!ফেডারেশনে এসেছে নতুন কমিটি। কিন্তু চেনা দৃশ্যটা বদলায়নি। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা না পেলে বড় কিছু করারও নেই ফেডারেশনের। তাই ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেকের কণ্ঠে হতাশা, ‘কালও মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছি। আপাতত দুটো কক্ষ চেয়েছি। উনি বলেছেন কম্পিউটার ল্যাবসহ অফিস সাজিয়ে দেবেন। তবে আমরা চাই একটা স্থায়ী জায়গা, যাতে ভালো একটা পরিবেশ পায় দাবাড়ুরা।’