দাবার নির্বাচনে বহুমুখী খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত আন্দোলন! কত আকুতি! দাবায় গ্রহণযোগ্য নেতৃত্ব আনতে কত লড়াই!এসব সফল পরিণতি দেখবে তো? দাবা ফেডারেশনের প্রাক-নির্বাচনী হালচাল দেখে সংশয় জাগতে বাধ্য। আগামী ৩১ মে দাবা ফেডারেশনের বহু কাঙ্ক্ষিত নির্বাচন। তবে তাতে দাবা অঙ্গনের আকাঙ্ক্ষার প্রতিফলন খুব একটা ঘটবে বলে আভাস নেই। চলছে নানা রাজনীতি, ক্ষমতার দাপট, বাঁকা পথে হাঁটা, তদবির।সবচেয়ে বেশি চোখে পড়ছে দাবা অঙ্গনের বিভক্তি। নির্বাচনে অন্তত চারটি পরিষদের লড়াইয়ের আলামত তারই প্রমাণ। ১১০টির মতো ভোট। চারটি পরিষদ হওয়া মানে তো প্রায় সবাই প্রার্থী!সম্ভাব্য প্রার্থীর তালিকায় সবচেয়ে বড় নাম নিয়াজ মোরশেদ। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার সাধারণ সম্পাদক পদে শুধু প্রার্থীই নন, একটা পরিষদও করছেন। পরের নামটা সাদরে গ্রহণ করতে পারছেন না অনেকেই—বিদায়ী কমিটির বিতর্কিত সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইন। তিনিও চেষ্টা করছেন একটা পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী হতে।ওদিকে গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীবসহ আরও কিছু দাবাড়ুর সমর্থন নিয়ে ভিন্ন একটা পরিষদ হচ্ছে। এই পরিষদের সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী ব্যর্থতার অভিযোগে কাঠগড়ায় ওঠা গত অন্তর্বর্তীকালীন কমিটির যুগ্ম সম্পাদক দাবাড়ু খন্দকার কায়েস হাসান। তাঁকে খুব একটা সক্রিয় দেখা যায়নি এই সময়ে।এই পরিষদের সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম মোহামেডানের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের নামও আছে। আরেকটি পক্ষের নেতৃত্বে ভোলার কাউন্সিলর গাজী সাইফুল তারেক। মোকাদ্দেসের সমর্থকেরা প্রচার করছেন, নির্বাচনের ভাগ্য নির্ধারক জেলা ও বিভাগীয় সংগঠক ফোরাম তাঁকে সমর্থন দিচ্ছে! তবে এসব প্রচারণার সত্যতা নিয়ে প্রশ্ন আছে।অনেক প্রভাবশালীই নির্বাচনী মাঠে রয়েছেন। দাবার সঙ্গে সম্পৃক্ত বিপিএলের দল দুরন্ত রাজশাহীর মালিক মুশফিকুর রহমান (মোহন) শক্তি জোগাচ্ছেন কায়েসদের। এ ব্যাপারে মুশফিকুর রহমান বললেন, ‘দাবাকে বাঁচাতে চাই। তাই কায়েসকে সামনে আনছি। যোগ্য, দক্ষ, সৎ নেতৃত্ব আনতে চেষ্টা করছি দাবা ফেডারেশনে।’সৎ, যোগ্যতার মানদণ্ড একেকজনের কাছে একেক রকম। তবে তর্কাতীতভাবেই সাধারণ সম্পাদক পদে যোগ্যতার প্রশ্নে নিয়াজ অনেক এগিয়ে। আর যাই হোক, মোকাদ্দেসকে কোনোভাবেই চান না এনামুলরা। কাল সেটি স্পষ্ট করেই বললেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার, ‘গত প্রায় তিন বছরে দাবা ধ্বংস হয়ে গেছে। আবার সেই ব্যর্থ মোকাদ্দেসকে কোনোভাবেই মানা যায় না।’মোকাদ্দেস অবশ্য সফল দাবি করছেন নিজেকে। বলেছেন, তাঁর সময়ে তিনজন আন্তর্জাতিক মাস্টার পেয়েছে বাংলাদেশ। দাবাকে এগিয়ে নিতে তাঁর চেয়ে ‘যোগ্য কেউ’ নেই এই মুহূর্তে!ফোরামের এক কর্মকর্তা জানিয়েছেন, এক মন্ত্রীকে দিয়ে ফোরাম নেতৃত্বের কাছে তদবির করান মোকাদ্দেস। কিন্তু তাতে কাজ হয়নি। মোকাদ্দেসের নানা ব্যর্থতা ও কেলেঙ্কারি তুলে ধরার পর ওই মন্ত্রী আর কোনো কথাই নাকি বলেননি।এটা ঘটনা, ফোরামের সমর্থন পাওয়া প্রার্থীর পক্ষে জিতে আসা সহজ। তবে অতীতে বারবার ভুল নেতৃত্ব বেছে নেওয়ায় বাংলাদেশের ক্রীড়া ফেডারেশন নির্বাচনে ফোরাম একটা বিষফোড়া হয়ে উঠেছে। সুখের বিষয়, ফেরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সেটি উপলব্ধি করছেন, ‘আমরা এখনো কাউকে সমর্থন দিইনি। আমরা ক্রীড়াঙ্গনে আর বিষফোড়া হতে চাই না। অতীতে অনেক বদনাম হয়েছে। আর নয়। দাবায় আমরা যোগ্য লোককেই সমর্থন দেব। কাল (আজ সন্ধায়) ফোরামের মিটিং হবে। সেখানে দাবা নিয়ে আলোচনা হবে।’তবে নির্বাচন আদৌ হবে কি? বর্তমান কমিটির সদস্য শহিদুল ইসলাম আভাস দিলেন, কাউন্সিলর (ভোটার) তালিকার হাজারো অসংগতি তুলে ধরে কেউ মামলা ঠুকবে না, এই নিশ্চয়তা নেই! নির্বাচনই দাবার সংকট উত্তরণে বড় পথ। যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার ওপরই নির্ভর করছে দাবার ভবিষ্যৎ।