দাবার পাশেমোহামেডান
দাবা লিগ শুরু হওয়ার কথা ছিল কাল। কিন্তু দুপুরে জানা গেল, লিগ শুরু হবে আজ! কারণ কী?এখানেই বেরিয়ে পড়ছে সরকার মনোনীত বর্তমান দাবা ফেডারেশনের অক্ষমতার আরেকটি চিত্র। দাবা লিগে কালকের আগ পর্যন্ত কোনো পৃষ্ঠপোষক জোগাড় করা যায়নি। এই অক্ষমতার জন্য দাবা অঙ্গনে অনেকেই আঙুল তোলেন ফেডারেশনের বর্তমান সরকার মনোনীত কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের দিকে। তাঁদের ভাষ্য, স্পনসর আনার বড় দায়িত্ব সাধারণ সম্পাদকের। কিন্তু দাবায় জেঁকে বসা মোকাদ্দেসের লিগের জন্য ছোট একটা পৃষ্ঠপোষকও আনার ক্ষমতা নেই।দাবা লিগে ফিরে আসা উপলক্ষে কাল দুপুরে মোহামেডান ক্লাব সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল, যেটি ছিল মূলত পরিচিতিমূলক। সেখানেই আকস্মিক পৃষ্ঠপোষক জোগাড় হয়ে যায়! মোহামেডান কর্মকর্তাদের সৌজন্যে।তাই এক দিন পেছাল লিগ। সদ্য গঠিত মোহামেডান দাবা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোয়েবউদ্দিন ও সাধারণ সম্পাদক পারেভজ রেজা দুজনই অনুষ্ঠানে ছিলেন। তাঁরা তাৎক্ষণিকভাবে দাবা লিগ স্পনসর করতে রাজি হয়েছেন। এই অনুষ্ঠানে ছিলেন মোহামেডানের তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান ও ভারতের অভিজিৎ গুপ্ত। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া স্ত্রীর অসুস্থতার কারণে আসেননি। তাঁর বদলে আসছেন ভারতের দুটি জিমএম নর্মধারী আন্তর্জাতিক মাস্টার সেহেজ গ্রোভার।