দাবার প্রসারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়

ক্রান্তিকালে দাঁড়িয়ে বাংলাদেশের দাবা। সম্ভাবনাময় এই খেলার প্রসারে তেমন উদ্যোগ দেখা যায় না। তবে ব্যতিক্রম হয়ে এল ব্র্যাক বিশ্ববিদ্যালয়। দাবা ক্লাব প্রতিষ্ঠার পাশাপাশি ব্র্যাক স্কুল দাবা কর্মসূচি চালু করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ব্র্যাক স্কুলগুলোতে সুবিধাবঞ্চিত
শিশুদের দাবা প্রতিভা বিকশিত করাই মূল লক্ষ্য।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে কাল হয়ে গেল ওই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের কোচের দায়িত্বও নিয়েছেন তিনি। ক্লাবের প্রধান উপদেষ্টা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব। তাঁর সঙ্গে কাল দাবাও খেলেছেন নিয়াজ।
নিয়াজ এই কর্মসূচি নিয়ে খুবই আশাবাদী, ‘এ বছর ব্র্যাক আন্তবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্ট করব আমরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে জাতীয় জুনিয়র রানারআপ ইকরামুল হক সিয়ামকে বৃত্তি দিচ্ছে। এ কর্মসূচির অধীনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার ব্যাপক পরিকল্পনা আছে আমাদের। আশা করি, এতে অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে।’