দাবার বিশ্বপরিবারে ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোন চালে প্রতিপক্ষ সুরত আলমকে (বাঁয়ে) ঘায়েল করবে, হয়তো তা-ই ভাবছে আল আমীন। দৃষ্টিপ্রতিবন্ধী এ দুই দাবাড়ুর নাম উঠেছে বিশ্ব দাবা ফেডারেশন প্রকাশিত ফিদে রেটিংয়ে। গত শুক্রবার চট্টগ্রাম নগরের মুরাদপুরের সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় থেকে তোলা ছবি l জুয়েল শীল
কোন চালে প্রতিপক্ষ সুরত আলমকে (বাঁয়ে) ঘায়েল করবে, হয়তো তা-ই ভাবছে আল আমীন। দৃষ্টিপ্রতিবন্ধী এ দুই দাবাড়ুর নাম উঠেছে বিশ্ব দাবা ফেডারেশন প্রকাশিত ফিদে রেটিংয়ে। গত শুক্রবার চট্টগ্রাম নগরের মুরাদপুরের সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় থেকে তোলা ছবি l জুয়েল শীল

একজন জন্মান্ধ, আরেকজন টাইফয়েডে ভুগে চার বছর বয়সে দুচোখের দৃষ্টি হারিয়েছে। প্রথমজন মো. সুরত আলম, দ্বিতীয়জন মোহাম্মদ আল আমীন। চোখের আলো নিভে গেলেও মনের আলোয় ভর করে এগিয়ে চলছে তারা। দৃষ্টিহীন দুই কিশোর এখন পথ দেখাচ্ছে সুস্থ-সবল মানুষকেও। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে তারা।

বিশ্ব দাবা ফেডারেশনে নিবন্ধিত হওয়ার পর মো. সুরত আলমের রেটিং পয়েন্ট ১৪৭৪। আল আমীনের ১৩৫২। গত ৩০ সেপ্টেম্বর বিশ্ব দাবা ফেডারেশনের প্রকাশিত ফিদে রেটিংয়ে দুজনের নাম ওঠে। চট্টগ্রামের সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী সুরত আলম আগামী বছর এসএসসি পরীক্ষা দেবে। আর আল আমীন চট্টগ্রাম নগরের হাজেরা তুজ বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চমাধ্যমিকে পড়ছে।

গত আগস্টে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৬তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ৮৩ জনের মধ্যে সুরত ২৫তম এবং আল আমীন ২৬তম হয়। এবারই জাতীয় পর্যায়ের কোনো রেটিং টুর্নামেন্টে অংশ নেয় তারা। ৮ ম্যাচ খেলে দুজনই ৫ পয়েন্ট করে অর্জন করে। এর মধ্যে সুরত চারজন রেটেড দাবাড়ুর মুখোমুখি হয়ে তিনজনকে হারায়। আল আমীন চারজনের মুখোমুখি হয়ে দুজনকে হারায়। তাদের প্রতিদ্বন্দ্বীরা ছিল সুস্থ-স্বাভাবিক দাবাড়ু।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেন, জাতীয় জুনিয়র দাবায় দৃষ্টিপ্রতিবন্ধী দুই কিশোর রেটেড দাবাড়ুদের হারিয়ে আন্তর্জাতিক দাবাড়ুর স্বীকৃতি পেয়েছে। তারা এখন বিশ্ব দাবা ফেডারেশনের রেটেড দাবাড়ু।

সুরত এর আগে ২০১৪ সালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জুনিয়র দাবা প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল। আল আমীন ২০১৫ সালে হাজেরা তুজ বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধীরা ব্রেইল বোর্ডে দাবা খেলে। তাদের প্রতিপক্ষ সাধারণ বোর্ডে খেলেন। সুস্থ দাবাড়ুর চালটি তাকে জানিয়ে দেন একজন আরবিটার। খেলায় দুজনের (সুস্থ ও দৃষ্টিপ্রতিবন্ধী) জন্যই সমান সময় বরাদ্দ থাকে।

সুরত আলম জানায়, তাদের বিদ্যালয়ে পর্যাপ্ত দাবা বোর্ড নেই। অনুশীলনেরও তেমন সুযোগ হয় না। কম্পিউটারেও একটি সফটওয়্যার দিয়ে খেলা যায়। কিন্তু বিদ্যালয়ে পর্যাপ্ত কম্পিউটারও নেই। বিভিন্ন প্রতিযোগিতায় খেলার জন্য আবু ফয়েজ নামের এক দাবাড়ু তাকে সাহায্য করে। তবে নিজ খরচে খেলতে যেতে হয়। এটা একটি বড় সমস্যা।

সুরত আলমের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া গ্রামে। তারা তিন ভাই, এক বোন। বাবা নুরুল আলম মাছের ব্যবসা করেন। ছেলের অর্জনে তিনি খুব খুশি।

আল আমীনের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলপুর গ্রামে। ছয় ভাই, তিন বোনের মধ্যে সে চতুর্থ। বাবা মো. ফুল মিয়া ক্ষুদ্র ব্যবসায়ী। দাবা খেলার প্রতি ছেলের আগ্রহের কথা তার পরিবার জানে। ফুল মিয়া বলেন, ‘শুনেছি, আমার ছেলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। সে নিজের চেষ্টায় দাবা খেলে। দাবা খেলায় আরও ওপরের দিকে যাওয়ার অনেক ইচ্ছা তার। যদি সার্বিক সহযোগিতা পায় তাহলে হয়তো তার ইচ্ছাটা পূরণ হবে।’

এই অর্জনের জন্য হাজেরা তুজ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন খানের প্রতি কৃতজ্ঞ আল আমীন। ঢাকায় রেটিং দাবি প্রতিযোগিতায় অংশ নিতে অধ্যক্ষ ৯ হাজার টাকা দিয়েছিলেন তাকে।

সুরত আলম ও আল আমীনের দাবা খেলায় হাতেখড়ি চট্টগ্রাম নগরের মুরাদপুরের সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ে। ফয়সাল মোহাম্মদ ইব্রাহিম নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী আল আমীনকে দাবা খেলায় আগ্রহী করে তোলে। পরে সুরত আলমকেও দাবা খেলা শেখায় সে।

চট্টগ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়টিতে এখন প্রায় ২০ জন দাবাড়ু রয়েছে। অবশ্য বিদ্যালয়ে ব্রেইল বোর্ড রয়েছে মাত্র ছয়টি। প্রধান শিক্ষক আবদুস সামাদ বলেন, ‘আমাদের সরঞ্জামের অনেক অভাব রয়েছে। ব্রেইল পদ্ধতির বইও পর্যাপ্ত নেই। এত সব সীমাবদ্ধতার মধ্যেও দুজন ছাত্রের আন্তর্জাতিক দাবাড়ুর স্বীকৃতি পাওয়া গৌরবের।’